'হায় সাঈদ, হায় ওয়াসিম' স্লোগানে মাতম আন্দোলনকারীদের
কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হয়ে ৬ জন নিহত হবার ঘটনায় নারায়ণগঞ্জে মাতম মিছিল করেছে আন্দোলনকারীরা। মহররমের তাজিয়া মিছিলের আদলে নিহতদের নামে 'হায় সাঈদ, হায় ওয়াসিম স্লোগানে' মাতম মিছিল করেন তারা।
বুধবার (১৭ জুলাই) দুপুর সোয়া ৩টায় নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া গোলচত্বর থেকে মিছিল বের করেন তারা। তারা বুকে ও পিঠে নিহতদের নাম লিখে মিছিলে অংশ নেন। বুক চাপড়ে 'হায় সাঈদ, হায় ওয়াসিম, হায় ফয়সাল' বলে মাতম করেন তারা।
মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়কের গ্রীনলেস ব্যাংকের মোড় ঘুরে প্রেসক্লাবের সামনে জড়ো হয়। সেখানে দীর্ঘক্ষণ মাতম স্লোগান দিয়ে পথসভা করেন কোটা আন্দোলনকারীরা।
নারায়ণগঞ্জ আইন কলেজের শিক্ষার্থী ফারহানা মানিক মুনা বলেন, 'আমরা মহররমের তাজিয়া মিছিলের আদলে একটি প্রতীকী মিছিল করেছি। এর সাথে ধর্মীয় কোন সম্পর্ক নেই। গতকাল কোটা আন্দোলনে যুক্ত হওয়ায় আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। আন্দোলনের শহীদদের স্মরণে আমরা এই মাতম মিছিল করেছি। আমরা মনে করি ইয়াজিদের অনুসারীদের হাতেই মৃত্যু হয়েছে আমাদের ভাইদের।'
আন্দোলনের পরবর্তী কার্যক্রম জানতে চাইলে বলেন, 'আন্দোলনের গতিপথ নির্ধারণ করবে শিক্ষার্থীরাই। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে– ততক্ষণ এই আন্দোলন চলবে। ২০১৮ সালে আন্দোলন হয়েছিল, ২০২৪ সালে আন্দোলন ফিরে এসেছে। এটা মনে করার কোন কারণ নেই যে মেরে-কেটে আন্দোলন স্থবির করে রাখা যাবে। মানুষ প্রতিবাদ করবেই।'
