৮ দিন ধরে রোগী দেখছিলেন করোনা আক্রান্ত চিকিৎসক
জ্বর নিয়ে করোনাভাইরাসের নমুনা দিয়ে গত আট দিন ধরে নিয়মিত রোগী দেখছিলেন রংপুর সিটি করপোরেশনের জাহাজ কোম্পানি এলাকার চিকিৎসক ডা. আহসান হাবীব।
বুধবার রাতে তার রিপোর্ট পজিটিভ এলে বৃহস্পতিবার সকালে সিটি করপোরেশনের লোকজন তার চেম্বার লকডাউন করেন।
পরবর্তী সময়ে স্বাস্থ্য সংশ্লিষ্ট বিভাগের লোকজন ওই চিকিৎসকের বাড়ির সবাইকে কোয়ারেন্টিনে থাকতে বলে ডা. আহসান হাবীবকে রংপুর শিশু মঙ্গল সদর হাসপাতালে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে পাঠায়।
স্থানীয়দের অভিযোগ, নমুনা দেওয়ার পর জ্বর থাকা সত্ত্বেও তিনি গত আট দিন ধরে রোগী দেখে আসছিলেন। এতে তারা চরম উৎকণ্ঠায় পড়েছেন।
ডা. আহসান হাবীব (এমবিবিএস) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক সহযোগী অধ্যাপক। নগরীর জাহাজ কোম্পানি মোড় এলাকার বাটারগলিতে তিনি রোগী দেখেন।
সিভিল সার্জন অফিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২ জুন ওই চিকিৎসক নমুনা জমা দিয়েছিলেন।
নিয়ম মাফিক নমুনা দেওয়ার পর হোম আইসোলেশনে থাকার কথা থাকলেও ডা. আহসান হাবীব বিষয়টি গোপন রেখে নিয়মিত রোগী দেখা, মসজিদে যাওয়া, ঘোরাঘুরিসহ স্বাভাবিক জীবনযাপন করেছেন। বৃহস্পতিবার সকালেও তিনি নিজ চেম্বারে এসেছিলেন।
জাহাজ কোম্পানি এলাকার মো. আলাউদ্দীন নামে এক ব্যক্তি জানান, একজন চিকিৎসক হওয়ার পর জেনে-শুনে এভাবে রোগী দেখে তিনি ঠিক করেননি। তিনি এতদিন পর্যন্ত যত রোগী দেখেছিলেন, তাদের শনাক্ত করে কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।
রংপুর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা কামরুজ্জামান ইবনে তাজ বলেন, নমুনা এক সপ্তাহ আগে নেওয়া হলেও বুধবার তার ফল এসেছে। বৃহস্পতিবার সকালে ওই চিকিৎসকের চেম্বার লকডাউন করা হয়েছে।
রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় বলেন, নিজে চিকিৎসক হয়েও তিনি কাজটি ঠিক করেননি। খোঁজ নিয়ে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
