একদিনে আরও ২১ জনের মৃত্যু, আক্রান্ত ১১৬৩
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২১ জন মারা গেছেন। এদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ৫২২ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৬৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩৬ হাজার ৭৪৮ জনে।
মঙ্গলবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি আরও জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৪১৬টি নমুনা সংগ্রহ এবং ৫ হাজার ৪০৭টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪৮টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
অন্যদিকে, মৃত ২১ জনের মধ্যে ১৫ জন ঢাকা, ৪ জন চট্টগ্রাম ও ২ জন বরিশাল বিভাগের বাসিন্দা ছিলেন। তাদের মধ্যে ২০ জন হাসপাতালে ও অন্যজন নিজ বাড়িতে মারা গেছেন।
মৃত ২১ জনের বয়স:
- ০ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
- ১১ থেকে ২০ বছর বয়সী: ১ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ২ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৫ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৭ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ৩ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ১ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়সী: ১ জন।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৫৬ লাখ ১ হাজার ২৮৫ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ২৩ লাখ ৮১ হাজার ২৮০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ৩ লাখ ৪৮ হাজার ১২৬ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৯৯ হাজার ৮০৫ জন।
- যুক্তরাজ্য: ৩৬ হাজার ৯১৪ জন।
- ইতালি: ৩২ হাজার ৮৭৭ জন।
- ফ্রান্স: ২৮ হাজার ৪৩২ জন।
- স্পেন: ২৬ হাজার ৮৩৭ জন।
- ব্রাজিল: ২৩ হাজার ৫২২ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৩১২ জন।
- জার্মানি: ৮ হাজার ৪২৮ জন।
- মেক্সিকো: ৭ হাজার ৬৩৩ জন।
- ইরান: ৭ হাজার ৪৫১ জন।
