আরও ১৪ জনের মৃত্যু, আক্রান্ত ১০৪১
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জন মারা গেছেন। এদের মধ্যে ১১ জন পুরুষ ও ৩ জন নারী। এদের মধ্যে ১১ জন ঢাকায় ও ৫ জন চট্টগ্রামে মারা গেছেন। এ নিয়ে প্রাণঘাতি এই ভাইরাসে মৃতের সংখ্যা ২৮৩ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৪১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট ১৮ হাজার ৮৬৩ জনের শরীরে শনাক্ত হলো ভাইরাসটি।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৩৭টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৩৯২টি পরীক্ষা করা হয়েছে। মোট ৪১টি ল্যাবে এই নমুনাগুলো পরীক্ষা করা হয়।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১৮ হাজার ৮৬৩ জন।
- মারা গেছেন : ২৮৩ জন।
- মোট সুস্থ: ৩ হাজার ৩৬১ জন।
- মোট নমুনা পরীক্ষা: ১ লাখ ৫১ হাজার ৯৩০টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য সরকার ইতোমধ্যেই একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু করেছে।
এদিকে, ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা পৃথিবীতে ৪৪ লাখ ৪২ হাজার ৪১৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১৬ লাখ ৬৮ হাজার ২৪০ জন সুস্থ হয়ে উঠলেও প্রাণ গেছে ২ লাখ ৯৮ হাজার ৩২২ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ৮৫ হাজার ১৯৭ জন।
- যুক্তরাজ্য: ৩৩ হাজার ১৮৬ জন।
- ইতালি: ৩১ হাজার ১০৬ জন।
- স্পেন: ২৭ হাজার ১০৪ জন।
- ফ্রান্স: ২৭ হাজার ৭৪ জন।
- ব্রাজিল: ১৩ হাজার ২৪০ জন।
- বেলজিয়াম: ৮ হাজার ৮৪৩ জন।
- জার্মানি: ৭ হাজার ৮৬১ জন।
- ইরান: ৬ হাজার ৭৮৩ জন।
- নেদারল্যান্ডস: ৫ হাজার ৫৬২ জন।
