এবার ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে লড়বেন হিরো আলম
চলচ্চিত্র অভিনেতা ফারুকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে অংশ নিচ্ছেন আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।
আজ (৫ জুন) দুপুর পৌনে একটার দিকে মোবাইলে বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলম নিজেই।
বিকেল চারটার দিকে প্রধান নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করবেন তিনি।
হিরো আলম বলেন, "আমার আগের ভোটের অভিজ্ঞতা ভালো ছিল না। তবে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন দেশের ভোট ভাবনার প্রেক্ষাপট পরিবর্তন করে দিয়েছে। এবার আশার আলো দেখার সুযোগ আছে।"
"ভোট নিয়ে সরকারের প্রতি মানুষের যে নেতিবাচক ধারণা ছিল তা পরিবর্তন হয়েছে। সুষ্ঠু ভোটের আশায় এই উপনির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি," বলেন তিনি।
তিনি আরও বলেন, "ঢাকা ১৭ আসনে সংসদ সদস্য ছিলেন আমাদের চলচ্চিত্র জগতের বড় ভাই (ফারুক)। তিনি মারা যাওয়ার কারণে এই আসন শূন্য ঘোষণা করা হয়। আমি এই আসনে নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজ শেষ করার চেষ্টা করব।"
"আমি সাধারণ মানুষকে সাথে নিয়ে আজীবন লড়তে চাই। জনগণের কল্যাণে কাজ করতে চাই," বলেন তিনি।
গত ১৫ মে চলচ্চিত্র অভিনেতা ফারুকের মৃত্যুর পর ঢাকা ১৭ আসনটি শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশন জানায়, উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ জুন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৮ জুন। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ জুন।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে বগুড়া-৬ (সদর) ও বগুড়া ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন হিরো আলম।
২০১৮ সালের জাতীয় নির্বাচনেও বগুড়া ৪ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেন হিরো আলম। তবে ভোটের মাঝপথে এসে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান।
স্থানীয় সূত্র জানায়, বগুড়া সদরের এরুলিয়া গ্রামের বাসিন্দা হিরো আলম শৈশবে চানাচুর বিক্রি করতেন। পরে তিনি সিডি বিক্রি এবং ডিশ সংযোগের ব্যবসা করেন। নিজেই মিউজিক ভিডিও তৈরি করে ডিশ লাইনে সম্প্রচার শুরু করেন।
ইউটিউবে প্রায় ৫০০ মিউজিক ভিডিও ছাড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে আলোচনায় আসেন হিরো আলম। ভিডিওগুলোর মূল চরিত্রেও নিজেই অভিনয় করেন তিনি।
