পরিষ্কার, স্পষ্ট, দৃঢ় উচ্চারণ- এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না: মির্জা ফখরুল
'অত্যন্ত পরিষ্কার, স্পষ্ট, দৃঢ় উচ্চারণ এই সরকারের অধীনে কোন নির্বাচন হবে না'- এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, এ সরকার থাকলে কোন নির্বাচন হবে না। নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। তাছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না।
আজ রোববার (২১ মে) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় মির্জা ফখরুল বলেন, দেশের সকল ব্যবস্থা ধ্বংস করে দেয়া হয়েছে। সব জায়গায় একই অবস্থা। নির্বাচন ব্যবস্থা ও প্রতিষ্ঠানকে একেবারে ধ্বংস করে দেওয়া হয়েছে। সরকার নির্বাচন দেখাবে, নির্বাচন কমিশন কথা বলবে, একটা নির্বাচন হয়েছে দেখানোর চেষ্টা করবে। কিন্তু, নির্বাচনটা তারা তাদের মত করে করবে।
তিনি বলেন, ২০০৮ সালের নির্বাচনের আগে দেওয়া তাদের সব প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তারা হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গকারী দল। এখন অনেক খেলা হবে। সবাই সতর্ক থাকবেন। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলছে। আমাদের শেষ পর্যায়ে যাওয়ার জন্য সর্বশক্তি নিয়োগ করে এই সরকারকে সরিয়ে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায় করতে হবে। বাইরে থেকে কেউ দাবি আদায় করে দিবে না। আমাদের তরুণদের জেগে উঠে বিপ্লব করতে হবে। জাতিকে রক্ষা করা ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করার দায়িত্ব তাদের।
বিএনপি মহাসচিব বলেন, একদিকে দেশের মানুষ, আর অন্য দিকে ক্ষমতায় জোর করে থাকা একটি শাসক শ্রেণী আজ মুখোমুখি। এই সরকার যখন আন্দোলন দেখে, তখন তা অন্যদিকে প্রবাহিত করতে ছাত্রলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসী দিয়ে আমাদের ওপর হামলা করে। যে আওয়ামী লীগ বলেছিল, দেশ হবে সাম্যের, গণতন্ত্রের অথচ সেই আওয়ামী লীগ জোর করে অন্যায়ভাবে, একবার নয়, দুইবার ভোট না করে জোর করে ক্ষমতা দখল করে আছে। যেখানে জনগণের কোন সম্পৃক্ততা ছিল না। ২০১৪ সালের নির্বাচন কেউ ভোট দেয়নি। আর ১৮ সালের নির্বাচন তো রাতে হয়েছে।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে জাগপা। সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালাম, জাগপার সাধারণ সম্পাদক এসএম শাহাদত হোসেন-সহ অন্যান্যরা।
