মির্জা ফখরুলের স্বাস্থ্যের উন্নতি
শারীরিক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গত সোমবার রাত নয়টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে উত্তরার বাসায় নেওয়া হয়।
বিএনপির মিডিয়া সেল সদস্য শাইরুল কবির খান টিবিএসকে বলেন, 'স্যারের (মির্জা ফখরুল ইসলাম) ইসিজি, ইকো, আলট্রাসনোগ্রাফ, ট্রপোনিনসহ স্বাস্থ্যগত বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সব রিপোর্ট ভালো। চিকিৎসকেরা তিন-চার দিন বিশ্রামে থাকতে বলেছেন।'
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে দ্রুত তাকে পার্শ্ববর্তী ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়।
প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে গত বৃহস্পতিবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম সিঙ্গাপুর থেকে দেশে ফেরেন। ৯ ফেব্রুয়ারি রাতে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান তিনি। সঙ্গে স্ত্রী রাহাত আরা বেগমও ছিলেন। দু'জনই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।
কয়েক বছর আগে মির্জা ফখরুল ইসলামের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলেও জটিলতার সৃষ্টি হয়েছিল। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তাকে চিকিৎসার ফলোআপের জন্য সিঙ্গাপুরের ওই হাসপাতালে যেতে হয়।
৭৫ বছর বয়সী এই রাজনীতিকের উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রয়েছে। মাঝখানে দু'বার তিনি করোনাভাইরাসেও আক্রান্ত হয়েছেন।
