প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন দিচ্ছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন
দেশে বিদ্যমান করোনাভাইরাস পরিস্থিতিতে এগিয়ে এসেছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। এর সদস্যদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি৷
শিগগিরই এ অনুদান জমা দেওয়া হবে জানিয়েছেন সংগঠনটির সভাপতি কর কমিশনার মো রেজাউল করিম চৌধুরী।
তিনি জানান, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া এ সংকটে দেশের মানুষের পাশে থাকতে চায় বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। এর অংশ হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে সদস্যদের একদিনের বেতন জমা করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
তিনি আরও জানান, এছাড়াও অ্যাসোসিয়েশনের পক্ষ হতে স্বেচ্ছাসেবী কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে পিপিই বিতরণ করা হয়েছে। পাশাপাশি ঢাকা মহানগরী ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে দুস্থ মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলছে।
