শ্বাসকষ্টে প্রবাসীর মৃত্যু, শ্বশুরবাড়ি লকডাউন
হোম কোয়ারেন্টিন শেষ করার পর শ্বাসকষ্ট নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৯টায় উপজেলার জেঠাগ্রামে শ্বশুরবাড়িতে তিনি মারা যান। তার বাড়ি একই উপজেলার পূর্বভাগ গ্রামে।
ওই প্রবাসীর মৃত্যুর ঘটনায় তার শ্বশুরবাড়িটি তাৎক্ষণিকভাবে লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৩৫ বছর বয়সী ওই প্রবাসী গত ১৮ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। এরপর নাসিরনগর উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের নির্দেশনায় ১৪ দিন হোম কোয়ারেন্টিনে থাকেন তিনি। ১ মার্চ তার কোয়ারেন্টিন শেষ হয়। তবে কোয়ারেন্টিনে থাকাকালে তার কোনো শারীরিক সমস্যা হয়নি।
৪ এপ্রিল তিনি কিছুটা অসুস্থবোধ করলে কিছু পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। পরীক্ষায় তার টাইফয়েড ধরা পড়ে; তবে করোনাভাইরাসের কোনো উপসর্গ ছিল না। এরপর মঙ্গলবার রাতে শ্বশুরবাড়িতে তিনি শ্বাসকষ্টে মারা যান।
নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, করোনাভাইরাসের উপসর্গ নিয়েই তিনি মারা গেছেন। সেজন্য তাৎক্ষণিকভাবে ওই প্রবাসীর শ্বশুরবাড়িটি আমরা লকডাউন করে দিয়েছি। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে জানা যাবে তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন কি না।
