বিশাল হারে বিশ্বকাপে বাংলাদেশের অস্বস্তির রেকর্ড
দিন শেষে জয়-পরাজয়ই সব। বিশেষ ক্ষেত্র ছাড়া ব্যবধান তেমন গুরুত্বপূর্ণ নয়। ব্যবধান ১ কিংবা ১০০ রান অথবা ১ উইকেট বা ১০ উইকেটের হোক; জয় সব সময়ই জয়। ব্যবধানে জয়ের মাহাত্ম্যে প্রভাব ফেলে না এতোটুকু। তবু ব্যবধানটা রেকর্ডে থেকে যায় বলে এসবেও নজর থাকে দলগুলোর। আর এই ব্যবধানেই টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্বস্তির এক রেকর্ডে নাম উঠে গেল বাংলাদেশের।
বৃহস্পতিবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে সুপার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি এবং এই ফরম্যাটের বিশ্বকাপে এটাই বাংলাদেশের সবচেয়ে বড় হার। এরআগে ২০১৬ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৫ রানের হারের ব্যবধানটিই ছিল সবচেয়ে বড়। অন্যদিকে বিশ্বকাপে এটা দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ জয় এবং বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে রানের হিসেবে এটা পঞ্চম সর্বোচ্চ ব্যবধানে হার। তবে বাংলাদেশের অস্বস্তির রেকর্ড এটা নয়। রেকর্ডটি হচ্ছে, সংক্ষিপ্ততম ফরম্যাটের এই বিশ্ব আসরে আইসিসির পূর্ণ সদস্য দলগুলোর মধ্যে রানের হিসেবে বাংলাদেশের এই হারটিই সবচেয়ে বড়। আর কোনো পূর্ণ সদস্য দেশ ১০০ রানের বেশি ব্যবধানে কখনও হারেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপে এরচেয়েও চারটি বড় ব্যবধানের হার আছে। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচগুলো।
শ্রীলঙ্কা-কেনিয়া (২০০৭ বিশ্বকাপ): টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে কেনিয়ার বিপক্ষে ১৭২ রানের বিশাল ব্যবধানে জেতে শ্রীলঙ্কা। আসরটির ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচে ৬ উইকেটে ২৬০ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা, যা টি-টোয়েন্টি ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ সংগ্রহ। জবাবে ১৯.৩ ওভারে ৮৮ রানেই গুটিয়ে যায় কেনিয়ার ইনিংস।
দক্ষিণ আফ্রিকা-স্কটল্যান্ড (২০০৯ বিশ্বকাপ): ইংল্যান্ডে অনুষ্ঠিত এই বিশ্বকাপে স্কটল্যান্ডকে দুমড়ে মুচড়ে দিয়ে ১৩০ রানের বিশাল জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা, জয়টি বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ। দ্য ওভালে অনুষ্ঠিত ম্যাচে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ২১১ রান তোলে প্রোটিয়ারা। জবাবে ১৫.৪ ওভারে ৮১ রানেই থামে স্কটিশদের ইনিংস।
আফগানিস্তান-স্কটল্যান্ড (২০২১ বিশ্বকাপ): স্কটল্যান্ড একমাত্র দল, যারা টি-টোয়েন্টি বিশ্বকাপে দুইবার ১০০ রানের বেশি ব্যবধানে হেরেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে তাদেরকে ১৩০ রানে হারায় আফগানিস্তান, এটা তৃতীয় সর্বোচ্চ হার। ৪ উইকেটে আফগানিস্তানের করা ১৯০ রানের জবাবে ১০.২ ওভারে মাত্র ৬০ রানেই অলআউট হয়ে যায় স্কটল্যান্ড।
ইংল্যান্ড-আফগানিস্তান (২০১২ বিশ্বকাপ): শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এই বিশ্বকাপে আফগানদের গুঁড়িয়ে দেয় ইংল্যান্ড, তুলে নেয় ১১৬ রানের বিশাল জয়। এই জয়টি এখনও চতুর্থ সর্বোচ্চ। ইংল্যান্ডের ৫ উইকেটে ১৯৬ রানের জবাবে ১৭.২ ওভারে ৮০ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ (২০২২ বিশ্বকাপ): রানের হিসেবে সর্বোচ্চ পঞ্চম হারটি এখন বাংলাদেশের। এই ম্যাচে দক্ষিণ আফ্রিকা টস জিতে আগে ব্যাটিং করতে নেমে রাইলি রুশোর সেঞ্চুরি ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেটে ২০৫ রান তোলে প্রোটিয়ারা। জবাবে চরম ব্যাটিং ব্যর্থতায় ১৬.৩ ওভারে ১০১ রানে অলআউট হয় সাকিব আল হাসানের দল।
