পিটিআই সমর্থকদের লংমার্চ: ইমরান খানের দলের শাসনাধীন খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি করল পাকিস্তান সরকার
কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দলের শাসনাধীন উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। প্রদেশটিতেই ইমরান খানের মুক্তির দাবিতে তার দল পিটিআইয়ের হাজার হাজার সমর্থক আন্দোলন ও লংমার্চ করছেন।
রোববার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। এই ঘোষণার ফলে প্রদেশটির সরকার কার্যত স্থগিত হয়ে গেল।
প্রেসিডেন্টের কার্যালয় বলেছে, চলমান সরকারবিরোধী বিক্ষোভ এবং উত্তর-পশ্চিমাঞ্চলে সশস্ত্র সহিংসতার জেরে রোববার উত্তরাঞ্চলের এই প্রদেশে জরুরি শাসন জারি করেছে পাকিস্তান।
নিরাপত্তা-সংক্রান্ত পাকিস্তানের সংবিধানের দুটি অনুচ্ছেদ প্রয়োগ করে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ফলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ওপর কেন্দ্রীয় সরকার ব্যাপক প্রশাসনিক ক্ষমতা লাভ করেছে।
কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশে প্রেসিডেন্টের অনুমোদনের পর খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারি করল দেশটির কেন্দ্রীয় সরকার।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কিছুক্ষণ পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই থেকে প্রাদেশিক সরকারের ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা কারণ দেখিয়ে জরুরি অবস্থা জারির এ সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা।
জরুরি অবস্থা জারির সিদ্ধান্তের পরপরই কেন্দ্রীয় সরকার মুহাম্মদ ফখর আলম ইরফানকে খাইবার পাখতুনখাওয়ার নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে শাহবাজ শরিফ বলেন, দুই পক্ষের মধ্যে চলমান উত্তেজনার সুযোগে পিটিআই-শাসিত খাইবার পাখতুনখাওয়া সরকারকে দেশের অর্থনীতিকে লাইনচ্যুত করতে দেওয়া যায় না। 'আমি তাদেরকে (পিটিআই) অর্থনীতি অস্থিতিশীল করার সুযোগ দেব না,' বলেন তিনি।
৪ অক্টোবর পিটিআই লংমার্চ শুরু করেছিল।
