ইরানের হামলার শঙ্কায় যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বি-১ বোমারু বিমান সরাল যুক্তরাষ্ট্র
যুক্তরাজ্যের 'আরএএফ ফেয়ারফোর্ড' বিমান ঘাঁটি থেকে এক ডজন (১২টি) বি-১ বোমারু বিমান ফিরিয়ে নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সপ্তাহান্তে এই বিমানগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে পেন্টাগন নিশ্চিত করেছে। এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ঘাঁটিটিতে ইরানের সম্ভাব্য হামলার হুমকির প্রেক্ষাপটেই এই পদক্ষেপ নেওয়া হয়।
গত সপ্তাহে ওই বিমান ঘাঁটিতে হামলার পরিকল্পনায় জড়িত সন্দেহে যুক্তরাজ্য ও ইরানের দ্বৈত নাগরিকত্ব থাকা কয়েক ব্যক্তিকে গ্রেপ্তার করে ব্রিটিশ নিরাপত্তা বাহিনী। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরানের এই সম্ভাব্য হামলার হুমকির বিষয়ে যুক্তরাজ্যকে আগাম গোয়েন্দা তথ্য সরবরাহ করেছিল ইসরায়েল।
এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, 'অভিযানিক নিরাপত্তার কারণে আমাদের সম্পদ ও বাহিনীর গতিবিধি তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব না হলেও, আমরা এখন স্বীকার করতে পারি যে আরএএফ ফেয়ারফোর্ডে মোতায়েন থাকা সব মার্কিন বোমারু বিমানকে যুক্তরাষ্ট্রে তাদের মূল ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে।'
বিবৃতিতে আরও বলা হয়, বি-১, বি-২ এবং বি-৫২ সহ মার্কিন সামরিক বোমারু বাহিনী 'সুনির্দিষ্টভাবে বিশ্বজুড়ে আঘাত হানার সক্ষমতা প্রদর্শনে প্রস্তুত রয়েছে—যার মধ্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড থেকে অভিযান শুরু ও সমাপ্ত করার সক্ষমতাও অন্তর্ভুক্ত।'
গত মার্চে 'ইরানে সুনির্দিষ্ট প্রতিরক্ষামূলক অভিযানের' জন্য ফেয়ারফোর্ড ঘাঁটি ব্যবহারের অনুমতি ওয়াশিংটনকে দিয়েছিল ব্রিটেন। এরপর থেকেই মার্কিন বোমারু বিমানসহ অন্যান্য সামরিক উড়োজাহাজকে এই ঘাঁটি থেকে উড্ডয়ন ও অবতরণ করতে দেখা গেছে। এই অভিযানের কাজে ব্যবহৃত ব্রিটেনের মূল ভূখণ্ডের একমাত্র বিমান ঘাঁটি এটি।
