এআই নিরাপত্তা নিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘে বক্তব্য দেবেন ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতি ও এর সম্ভাব্য ঝুঁকি নিয়ে আগামী সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য দেবেন ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান। শুক্রবার প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
আগামী বুধবার কৃত্রিম বুদ্ধিমত্তা ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ে ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদের এই বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর কয়েক সপ্তাহ আগেই এআই শিল্পের শীর্ষ নির্বাহীরা দ্রুত ক্ষমতাধর হয়ে ওঠা এই প্রযুক্তির উন্নয়ন সমন্বিতভাবে কিছুটা ধীরগতির করার আহ্বান জানিয়েছিলেন।
তারা সতর্ক করে বলেছিলেন, প্রযুক্তিটি শিগগিরই নিজে থেকেই সক্ষমতা বাড়াতে শুরু করতে পারে এবং একপর্যায়ে মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
ওপেনএআইয়ের একজন মুখপাত্র রয়টার্সকে বলেন, 'স্যাম অল্টম্যান আগামী সপ্তাহে নিরাপত্তা পরিষদের উন্মুক্ত বৈঠকে সশরীরে বক্তব্য দেবেন।'
মুখপাত্র জানান, অল্টম্যানের বক্তব্যে আন্তর্জাতিক সমন্বয় ও অভিন্ন নিরাপত্তা মানদণ্ডের প্রয়োজনীয়তার পাশাপাশি বিশ্বজুড়ে মানুষ যাতে এআইয়ের সুফল পায়, তা নিশ্চিত করতে ওপেনএআইয়ের নেওয়া পদক্ষেপ গুরুত্ব পাবে।
কূটনীতিকেরা জানিয়েছেন, বৈঠকে অ্যানথ্রপিকের উচ্চপর্যায়ের প্রতিনিধিও উপস্থিত থাকতে পারেন। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। বৈঠকের আয়োজন করেছে সেপ্টেম্বর মাসে নিরাপত্তা পরিষদের সভাপতির দায়িত্বে থাকা ফ্রান্স। এতে সভাপতিত্ব করবেন ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী জ্যাঁ-নোয়েল বারো।
বৈঠকটি উপলক্ষে নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে ফ্রান্সের পাঠানো একটি কনসেপ্ট নোট রয়টার্সের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে: 'ক্ষতিকর উদ্দেশ্যে এই প্রযুক্তির অপব্যবহারের ঝুঁকি এবং এই ক্ষেত্রে পরিষদের বিদ্যমান কার্যক্রমের আলোকে, সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়ের কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ ও দায়িত্বশীল বিকাশ নিশ্চিত করতে জরুরি পদক্ষেপ নেওয়ার ওপর জোর দিতে চায় ফ্রান্স।'
আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষার দায়িত্বে থাকা নিরাপত্তা পরিষদ ২০২৩ সালে প্রথমবার এআইয়ের ঝুঁকি নিয়ে বৈঠক করে। ওই বৈঠকে চীন সতর্ক করে বলেছিল, এআই যেন 'লাগামহীন ঘোড়ায়' পরিণত না হয়। অন্যদিকে, এআই ব্যবহার করে মানুষকে 'সেন্সর' করার বিষয়ে সতর্ক করেছিল যুক্তরাষ্ট্র।
বর্তমান এআই নিয়ে ব্যাপক উন্মাদনা শুরুর অনেক আগে থেকেই এর ঝুঁকি নিয়ে সতর্ক করে আসছেন স্যাম অল্টম্যান। ২০১৫ সালে প্রকাশিত 'মেশিন ইন্টেলিজেন্স, পার্ট ১' শীর্ষক এক নিবন্ধে তিনি লিখেছিলেন, 'মানুষের চেয়ে বেশি সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশ মানবজাতির অস্তিত্ব টিকে থাকার জন্য সম্ভবত সবচেয়ে বড় হুমকি'
ফ্রান্স তাদের কনসেপ্ট নোটে জানায়, এআই-এর নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি কিংবা আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় প্রভাব ফেলে এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা বা সহায়তায় সর্বাধুনিক এআই মডেলগুলোর ব্যবহার-সংক্রান্ত নিজস্ব বিশ্লেষণ তুলে ধরাই হবে অংশগ্রহণকারীদের এই বৈঠকের অন্যতম উদ্দেশ্য।
