যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পর ইরানকেই যুদ্ধে বিজয়ী মানছেন ৯২% ইসরায়েলি: জরিপ
ইরানের সঙ্গে যুদ্ধ এবং এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তিটিকে ইসরায়েলিদের বিশাল একটি অংশ নেতিবাচকভাবেই দেখছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে, ৯২ দশমিক ১ শতাংশ ইসরায়েলি মনে করেন এই যুদ্ধে তেহরানই বিজয়ী হয়েছে।
হিব্রু ইউনিভার্সিটির ওই জরিপ অনুযায়ী, ৮২ দশমিক ৯ শতাংশ অংশগ্রহণকারী মনে করেন, এই সামরিক অভিযান দীর্ঘ মেয়াদে ইসরায়েলের নিরাপত্তাকে দুর্বল করে দিয়েছে। এ ছাড়া ৮৬ শতাংশ মানুষ যুদ্ধের এই ফলাফলের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেছেন।
ইসরায়েল এই যুদ্ধে 'উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে' এবং একটি 'অস্তিত্বগত হুমকি দূর করেছে' বলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি করেছেন, তা বিশ্বাস করেন না ৭২ দশমিক ৫ শতাংশ ইসরায়েলি। এমনকি ৮৭ দশমিক ৮ শতাংশ মানুষ মনে করেন, এই যুদ্ধে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে অথবা কেবল আংশিক লক্ষ্য পূরণ করতে পেরেছে।
নেতানিয়াহুর ভূমিকা নিয়েও জরিপে ক্ষোভ উঠে এসেছে। ৫৬ দশমিক ৪ শতাংশ মানুষ মনে করেন, এই সামরিক অভিযান পরিচালনায় প্রধানমন্ত্রী দুর্বল ছিলেন অথবা তিনি পুরোপুরি ব্যর্থ হয়েছেন।
তবে জরিপে দেখা গেছে, ৪৮ দশমিক ২ শতাংশ ইসরায়েলি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে নতুন করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পক্ষে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সংঘাতের ঝুঁকি থাকলেও তারা এই হামলার পক্ষে মত দিয়েছেন।
গত ১৭ থেকে ২০ জুনের মধ্যে হিব্রু ইউনিভার্সিটির সহযোগিতায় আগাম ইনস্টিটিউট জরিপটি পরিচালনা করে। এতে ১৭ বছর ও তার বেশি বয়সী ৩ হাজার ৬৪৪ জন ইসরায়েলির মতামত নেওয়া হয়।
