যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের ১৪০ ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ এপ্রিলের মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের ২০টি প্রদেশের প্রায় ১৪০টি ঐতিহাসিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, এসব হামলার কারণে মোট আর্থিক ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় ৪৯ মিলিয়ন ডলার।
ইরানের সাংস্কৃতিক ঐতিহ্য, পর্যটন ও হস্তশিল্প বিষয়ক মন্ত্রী রেজা সালেহি আমিরি জানিয়েছেন, এই পরিসংখ্যান প্রাথমিক মূল্যায়নের ভিত্তিতে তৈরি করা হয়েছে এবং পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার পর এই সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে।
তিনি জানান, সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে তেহরান প্রদেশে, যেখানে ৬৩টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ইসফাহানে ২৩টি এবং গোলেস্তান প্রদেশে ১২টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
মন্ত্রী আরও উল্লেখ করেন, হামলার কারণে ওই নির্দিষ্ট সময়ে ইরানের বিভিন্ন অঞ্চলে সাংস্কৃতিক সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর বড় ধরণের হামলা শুরু করে। এর জবাবে তেহরানও ইসরায়েলসহ জর্ডান, ইরাক এবং পারস্য উপসাগরীয় যেসব দেশে মার্কিন সামরিক সরঞ্জাম রয়েছে, সেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
