মধ্যপ্রাচ্য আর মার্কিন ঘাঁটির ‘ঢাল’ হবে না, থাকবে না আমেরিকার কোনো ‘নিরাপদ আশ্রয়’: মোজতবা খামেনি
মধ্যপ্রাচ্যের দেশগুলো আর মার্কিন সামরিক ঘাঁটির জন্য 'ঢাল' হিসেবে কাজ করবে না এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো 'নিরাপদ আশ্রয়' থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
মঙ্গলবার (২৬ মে) নিজের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বিবৃতিতে তিনি এই হুঁশিয়ারি দেন। তেহরান ও ওয়াশিংটন যখন তিন মাস ধরে চলা যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি সমঝোতা কাঠামো নিয়ে আলোচনা করছে, ঠিক এমন সময়েই তার এই কঠোর বার্তা সামনে এল।
নিজের বিবৃতিতে খামেনি বলেন, 'সময়ের চাকা আর পেছনে ঘুরবে না। এই অঞ্চলের দেশ ও ভূখণ্ডগুলো আর মার্কিন ঘাঁটির ঢাল হিসেবে কাজ করবে না। মধ্যপ্রাচ্যে অশুভ তৎপরতা বা সামরিক ঘাঁটি স্থাপনের জন্য আমেরিকার কোনো নিরাপদ আশ্রয় থাকবে না।'
গত মার্চ মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। তবে সর্বোচ্চ ক্ষমতা গ্রহণের পর থেকে মুজতবা খামেনেয়ী এখন পর্যন্ত জনসমক্ষে আসেননি।
