ফিফার সবুজ সংকেত, যুক্তরাষ্ট্রে ইরানের বিশ্বকাপ খেলায় সম্মতি দিলেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন যে, আগামী জুন ও জুলাই মাসে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে ইরানের খেলার বিষয়ে তার কোনো আপত্তি নেই।
ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার ঘোষণা করেন, ইরান এই টুর্নামেন্টে উপস্থিত থাকবে এবং তারা যুক্তরাষ্ট্রেই খেলবে—এরপরই ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো।
ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, "জিয়ান্নি যদি এটি বলে থাকে, তবে আমার আপত্তি নেই। বলছি কী... তাদের খেলতে দিন।"
এর আগে বৃহস্পতিবার, ইনফান্তিনো ৭৬তম ফিফা কংগ্রেসের প্রতিনিধিদের উদ্দেশ্যে দেওয়া ভাষণের শুরুতেই পুনর্ব্যক্ত করেন, ইরান তাদের বিশ্বকাপের ম্যাচগুলো নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই খেলবে।
গত ফেব্রুয়ারিতে ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই কানাডা, মেক্সিকো এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া এই বছরের বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
ভ্যাঙ্কুভারে ফুটবলের নীতিনির্ধারকদের নির্ধারিত বৈঠকে ইনফান্তিনো বলেন, "শুরুতেই আমি সরাসরি নিশ্চিত করছি যে, অবশ্যই ইরান ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এবং অবশ্যই, ইরান মার্কিন যুক্তরাষ্ট্রে খেলবে।"
ইরানি কর্মকর্তারা তাদের গ্রুপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ইনফান্তিনো আগেই সেই প্রস্তাব নাকচ করে দিয়েছিলেন।
বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ ঘিরে উত্তেজনা বৃহস্পতিবারের সম্মেলনের আগেই স্পষ্ট হয়ে ওঠে।
২১১ সদস্যবিশিষ্ট কংগ্রেসে একমাত্র অনুপস্থিত ছিল ইরানের প্রতিনিধি দল। কানাডার ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বিরোধের কারণে তারা উপস্থিত থাকতে পারেনি।
ইরানি ফুটবল ফেডারেশনের (এফএফআইআরআই) কর্মকর্তারা টরন্টোতে নামার পর কানাডা ত্যাগ করেন এবং ভ্যাঙ্কুভারের সফর বাতিল করেন।
ইরানি গণমাধ্যম জানিয়েছে, এফএফআইআরআই সভাপতি মেহেদি তাজ—যিনি তেহরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) একজন সাবেক সদস্য—এবং তার দুই সহকর্মী কানাডার ইমিগ্রেশন কর্মকর্তাদের দ্বারা "অপদস্থ" হওয়ার পর দেশে ফিরে যান।
২০২৪ সালে আইআরজিসি-কে "সন্ত্রাসবাদী সংগঠন" হিসেবে তালিকাভুক্ত করা কানাডা বুধবার জানিয়েছে যে, এই বাহিনীর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশটিতে "অগ্রহণযোগ্য"।
ইরান বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনার টুকসনে অবস্থান করার কথা রয়েছে। গ্রুপ 'জি'-তে তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর।
আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ইরানিরা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।
