যুদ্ধের জন্য ইরানের ‘নতুন কৌশল’ প্রস্তুত : গালিবাফ
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের ঘোষিত যুদ্ধবিরতির সময় ফুরিয়ে আসছে, তবে এখন পর্যন্ত পরবর্তী কোনো শান্তি আলোচনার নিশ্চয়তা পাওয়া যায়নি।
এরই মধ্যে ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছেন, গত দুই সপ্তাহে ইরান যুদ্ধে নতুন কৌশল দেখাতে প্রস্তুতি নিচ্ছে' এবং 'হুমকির মুখে তারা কোনো আলোচনায় বসবে না'।
অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কোনো চুক্তিতে পৌঁছানোর জন্য তিনি কোনো চাপে নেই।
ট্রাম্প আরও বলেন, বুধবার শেষ হতে যাওয়া দুই সপ্তাহের এই যুদ্ধবিরতির মেয়াদ নতুন করে বাড়ার 'সম্ভাবনা খুবই কম'।
পারস্য উপসাগরে গত রোববার একটি ইরানি পতাকাবাহী পণ্যবাহী জাহাজ জব্দ করার পর যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারি রেখেছে। বর্তমানে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ আনছে।
ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলবে না আমেরিকা।
এক সপ্তাহ ধরে চলা এই অবরোধ ইরানকে 'পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে' বলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দাবি করেছেন ট্রাম্প। চলতি সংঘাতে আমেরিকা 'বিরাট ব্যবধানে' জয়ী হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মার্কিন গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনার জন্য ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মঙ্গলবার পাকিস্তানে যাচ্ছেন।
অন্যদিকে, একজন মার্কিন কর্মকর্তার তথ্য অনুযায়ী, ইসরায়েল ও লেবাননের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে পারে
