ভালোবাসা দিবসেই ধসে পড়ল ইতালির বিখ্যাত ‘লাভারস আর্চ’
ইতালির উপকূলের এক অপরূপ দর্শনীয় স্থান—'লাভারস আর্চ' বা প্রেমের তোরণ। প্রেমিক যুগলদের কাছে দারুণ জনপ্রিয় ছিল জায়গাটি। কিন্তু ঠিক বিশ্ব ভালোবাসা দিবসেই প্রবল ঝড়ে ধসে পড়েছে ইতালির এই বিখ্যাত প্রাকৃতিক শিলাস্তম্ভটি।
টানা কয়েক দিনের প্রবল বৃষ্টি আর ঝোড়ো বাতাসের জেরে এ ঘটনা ঘটে।
পুগলিয়া অঞ্চলের মেলেনদুগনোর সান্ত'আন্দ্রেয়ায় ছিল এই তোরণ। আদ্রিয়াতিক সাগরের তীরে অবস্থিত জায়গাটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে প্রেমিক-প্রেমিকারা বিয়ের প্রস্তাব দিতে এখানে ভিড় জমাতেন।
জায়গাটি পর্যটকদের কাছে এতই জনপ্রিয় যে আশপাশে অনেক হোটেল ও রিসোর্ট গড়ে উঠেছে। তোরণটির নামেই অনেক প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে।
মেলেনদুগনো শহরের মেয়র মাউরিজিও সিস্তেরনিনো বলেন, পর্যটন ও এই অঞ্চলের জন্য এ ঘটনাটি বড় ধাক্কা। আক্ষেপ করে তিনি আরও বলেন, 'প্রকৃতিই তোরণটি গড়েছিল, আবার প্রকৃতিই তা ফিরিয়ে নিল।'
কর্মকর্তারা বলছেন, সম্প্রতি 'ওরিয়ানা' নামের এক ঝড়ের কবলে পড়ে দক্ষিণ ইতালি। সেই ঝড়ের তোড়েই খিলানটির নড়বড়ে কাঠামো আর টিকে থাকতে পারেনি। ধসে পড়ে সেটি এখন শুধুই পাথরের স্তূপ।
অবশ্য ঐতিহাসিক এই নিদর্শনটি যে নড়বড়ে হয়ে গেছে, তা নিয়ে উদ্বেগ ছিল বেশ কয়েক বছর ধরেই। মেয়র জানান, উপকূলীয় ভাঙন রোধ ও তোরণটি সংরক্ষণে ২০২৪ সালে স্থানীয় কর্তৃপক্ষ ৪৫ লাখ ডলারের একটি তহবিল চেয়ে আবেদন করেছিল। কিন্তু সেই অর্থ পাওয়া যায়নি।
