‘প্রজেক্ট ২০২৫’-এ ১৪০ লোক জড়িত, কিন্তু ট্রাম্প বললেন, ‘জানি না এর পেছনে কারা আছেন’
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের বাকি আর কয়েকমাস। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জল্পনা দৃঢ় হচ্ছে— কে হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট? ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন?
সম্প্রতি নির্বাচনকে কেন্দ্র করে ঘটে যাওয়া প্রথম প্রেসিডেন্ট বিতর্কে বাইডেনকে এক প্রকার নাস্তানাবুদ করেছেন ট্রাম্প। বিতর্ক দেখে তো খোদ বাইডেন ভক্তরাই তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলছেন। নিজ দল ডেমোক্র্যাটের বেশ কয়েকজন সদস্য, অর্থদাতা এবং ভোটাররা তাকে আর প্রেসিডেন্ট হিসেবে যোগ্য মনে করছেন না।
এদিকে বাইডেনের কপাল পুড়ে যাওয়ায় যেন প্রেসিডেন্ট হওয়ার রাস্তা আরো সুগম হয়ে যাচ্ছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য। আর যদি ট্রাম্প আবারো ক্ষমতায় আসেন তাহলে দ্বিতীয় মেয়াদে কী কী করতে পারেন তার একটি সম্ভাব্য ইঙ্গিত দিয়ে প্রকাশিত হয়েছে 'প্রজেক্ট ২০২৫'।
'প্রজেক্ট ২০২৫' হাই-প্রোফাইল রক্ষণশীলদের তৈরি করা বেশ কিছু নীতি প্রস্তাবের একটি সেট। মার্কিন প্রশাসনে ডানপন্থিদের আধিপত্য বৃদ্ধি, প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধি, যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার বড় করা, জলবায়ু পরিবর্তন মোকাবিলার তহবিলে অর্থ জোগান বন্ধ করা, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) মতো সংস্থার জন্য বরাদ্দ কমিয়ে অভ্যন্তরীণ সমস্যায় মনোযোগ দেওয়া এবং চীনের বৈশ্বিক উত্থান রুখে দেওয়াসহ মার্কিন পররাষ্ট্রনীতিতে বড় ধরনের পরিবর্তনের রূপরেখা বর্ণনা করে 'প্রজেক্ট ২০২৫' প্রণয়ন করা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের সাবেক মন্ত্রিপরিষদ সচিবদের মধ্যে ছয়জন হেরিটেজ ফাউন্ডেশন থেকে প্রকাশিত ৯০০ পৃষ্ঠার 'প্রোজেক্ট ২০২৫' লিখতে সাহায্য করেছেন দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের সম্ভাব্য ক্ষমতাকাল কেমন হতে পারে তার একটি খসড়া প্রস্তাবনা হিসেবে। ট্রাম্পের নির্বাচিত চারজন রাষ্ট্রদূতসহ বিতর্কিত অভিবাসন ক্র্যাকডাউনে যুক্ত থাকা আরো কয়েকজন ব্যক্তিও এর সাথে সরাসরি জড়িত ছিল।
তবে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন, এই প্রকল্পের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, "আমি জানি না এর পেছনে কারা আছেন।"
ট্রাম্প প্রকল্পের সাথে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করলেও তার পরিচিত অনেকেই 'প্রজেক্ট ২০২৫' এর সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি সিএনএন-এর অনুসন্ধান থেকে জানা গেছে।
সিএনএন-এর একটি সাম্প্রতিক অনুসন্ধানে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের প্রায় ১৪০ জন্য ব্যক্তি 'প্রোজেক্ট ২০২৫' এর সাথে জড়িত ছিল। তার মধ্যে অর্ধেকের বেশি ব্যক্তি ছিলেন লেখক, সম্পাদক এবং 'মেন্ডেট ফর লিডারশিপ' এর কন্ট্রিবিউটর। ট্রাম্প সরকারের সাবেক চিফ অব স্টাফ মার্ক মেডস এবং উপদেষ্টা স্টিফেন মিলার সহ এক ডজন ব্যক্তিও এর সাথে জড়িত ছিলেন।
ট্রাম্পের নির্বাচনি ক্যাম্পেইন বলছে, 'প্রজেক্ট ২০২৫' তাদের প্রতিনিধিত্ব করে না। প্রচারণার মুখপাত্র ড্যানিয়েল আলভারেজ বলেছেন, ট্রাম্প শুধু রিপাবলিকান পার্টির প্ল্যাটফর্ম এবং তার ওয়েবসাইটের অ্যাজেন্ডাকে সমর্থন করেন।
বাইডেনের নির্বাচনি ক্যাম্পেইন থেকে বলা হয়েছে, প্রকল্পটি দেখে বোঝা যাচ্ছে ট্রাম্প ক্ষমতায় এলে একগাদা কর্তৃত্ববাদী এবং অতি-ডান নীতি গ্রহণ করবেন।
