ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি
চিকিৎসাধীন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুকে দেখতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার সকালে রাষ্ট্রপতি তাকে দেখতে যান।
হাসপাতালে রাষ্ট্রপতি কিছুক্ষণ অবস্থান করেন। তিনি ভূমিমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। একইসঙ্গে ভূমিমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
এ সময় বিএমইউয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, সাবেক উপাচার্য ও বর্তমানে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম, পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় চিকিৎসকের পরামর্শে গত বুধবার (২১ অক্টোবর) ভূমিমন্ত্রীকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে ঢাকায় আনা হয়।
বিএমইউয়ের পরিচালক (হাসপাতাল) ব্রিগেডিয়ার জেনারেল ইরতেকা রহমান জানান, ভূমিমন্ত্রী গত বৃহস্পতিবার রক্তস্বল্পতাজনিত সমস্যা নিয়ে হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের তত্ত্বাবধানে ভর্তি হন। পরে তার চিকিৎসায় একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।
ডা. শাহিনুল আলম জানান, ভূমিমন্ত্রী অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন। এছাড়াও তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, খাদ্যনালী থেকে রক্তক্ষরণজনিত সমস্যাসহ কিছু রোগ নিয়ে ভর্তি হয়েছেন। বর্তমানে তার চিকিৎসা চলছে। আগের তুলনায় তিনি এখন ভালো আছেন।
