কুষ্টিয়ায় ছিনতাইচেষ্টার অভিযোগে দুইজনকে গণপিটুনি, খেলনা পিস্তল-চাপাতিসহ পুলিশে সোপর্দ
কুষ্টিয়ার মিরপুরে ছিনতাইচেষ্টার অভিযোগে দুজনকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। এ সময় তাদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাপাতি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার ৯ মাইল কাচারী পার হয়ে সাহেব পাগলের বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার ভোরে ওই সড়কে চার থেকে পাঁচজনের একটি দলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেন কয়েকজন কৃষক ও প্রাতঃভ্রমণকারী। তাদের সন্দেহ হয়, দলটি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে।
এ সময় স্থানীয় লোকজন এগিয়ে গেলে দলটির সদস্যরা অস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের ধাওয়া করেন। একপর্যায়ে দলের অধিকাংশ সদস্য পালিয়ে গেলেও দুজনকে আটক করা হয়। এরপর উত্তেজিত জনতা তাদের মারধর করেন, পরে টহলরত হাইওয়ে পুলিশ তাদের আহত অবস্থায় উদ্ধার করে।
এদিকে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, ৯ মাইল কাচারীসংলগ্ন সড়কটিতে ভোর ও রাতে ছিনতাইয়ের আশঙ্কা দীর্ঘদিনের। নির্জন হওয়ায় এ পথে চলাচলকারী মানুষ প্রায়ই নিরাপত্তাহীনতায় ভোগেন। সর্বশেষ এ ঘটনার পর তাদের মধ্যে উদ্বেগ আরও বেড়েছে।
স্থানীয়দের দাবি, সড়কটিতে নিয়মিত পুলিশি টহল জোরদার এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হোক, যাতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ছিনতাইয়ের চেষ্টাকালে স্থানীয় লোকজন দুজনকে আটক করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। পরে হাইওয়ে পুলিশ মিরপুর থানায় তাদের হস্তান্তর করে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারদের কাছ থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তাদের দুজনের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা দায়ের করা হয়েছে।
