কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত, ঢাকামুখী লেনে ট্রেন চলাচল বন্ধ
কুমিল্লার নাঙ্গলকোটে কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নাঙ্গলকোটের নাওটী স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকামুখী লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।
ট্রেনের যাত্রীরা জানান, দুপুর ১২টা ২০ মিনিটের পর ট্রেনটি নাঙ্গলকোট স্টেশন ছেড়ে যায়। এদিন ট্রেনের গতি অন্য দিনের তুলনায় বেশি ছিল। নাওটী স্টেশন পার হওয়ার পর হঠাৎ তিনটি বগি লাইনচ্যুত হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এতে কয়েকজন যাত্রী মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। কয়েকজনের মাথাও ফেটে যায়।
যাত্রী নাহিদা আক্তার বলেন, 'চলন্ত অবস্থায় হঠাৎ তীব্র শব্দ হয়। এরপর এক যাত্রীর ওপর আরেক যাত্রী পড়ে যান। কয়েকজন পদদলিত হন। তাড়াহুড়ো করে ট্রেন থেকে নেমে দেখি, ধোঁয়া বের হচ্ছে।'
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়েছেন। তবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানো হবে।
