ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৩ দিন পর শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের তিন দিন পর মীম (৭) নামে এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বিদ্যাকুট ইউনিয়নের বিদ্যাকুট গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মীম ওই গ্রামের মিজানুর রহমানের মেয়ে।
নিহতের স্বজনরা জানান, গত শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে নানা বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মীম। পরে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। এরপর আজ সোমবার বিকেলে বিদ্যাকুট বড়বাড়ির পুকুরপাড়ের ঝোপে মীমের অর্ধগলিত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ইতোমধ্যে হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে পুলিশ।
