নতুন মামলায় কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর মডেল থানার একটি হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নতুন করে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মমতাজকে আদালতে হাজির করে মামলাটিতে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আজিজুল হক।
আবেদনে বলা হয়, মামলার ঘটনায় মমতাজ বেগমের সম্পৃক্ততার বিষয়ে সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এ কারণে তাকে মামলাটিতে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। তদন্ত চলমান থাকায় মামলার ঘটনার বিষয়ে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য পরবর্তী সময়ে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে বলেও আবেদনে উল্লেখ করা হয়।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই আন্দোলনের সময় বাদী ও ভুক্তভোগী মো. মুক্তার হোসেন মিরপুরের সুইমিংপুল ও ফায়ার সার্ভিস সড়কে আন্দোলনে অংশ নেন। অভিযোগ অনুযায়ী, আন্দোলন দমনে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা ও গুলিবর্ষণ করে। এ সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার হোসেন আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।
এ ঘটনায় মুক্তার হোসেন একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে মমতাজ বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ১২ মে রাত পৌনে ১২টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন ঢাকার সিএমএম আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
লোকসংগীতের জনপ্রিয় শিল্পী মমতাজ নবম জাতীয় সংসদ নির্বাচনের পর ২০০৯ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হন। পরে ২০১৪ সালের নির্বাচনে দলীয় মনোনয়নে সরাসরি নির্বাচিত হন।
২০১৮ সালের নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে জয়ী হন তিনি। তবে ২০২৪ সালের জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের এক স্বতন্ত্র প্রার্থীর কাছে পরাজিত হন।
