মরিশাসে আবারও খুলছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় দুই দেশের মন্ত্রীর বৈঠক
দীর্ঘদিন বন্ধ থাকার পর মরিশাসে বাংলাদেশের শ্রমবাজার আবারও চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার (৮ জুন) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের (আইএলও) সাইডলাইনে দুই দেশের শ্রমমন্ত্রীর মধ্যে অনুষ্ঠিত এক দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এবং মরিশাসের শ্রমমন্ত্রী মুহাম্মদ রেজা কাসাম উতিম অংশ নেন।
বৈঠকে মরিশাসে বন্ধ থাকা শ্রমবাজার চালু, বাংলাদেশি শ্রমিকদের বর্তমান অবস্থা ও দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
এ সময় মরিশাসের শ্রমমন্ত্রী বলেন, বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নেওয়ার বিষয়ে মরিশাস আগ্রহ প্রকাশ করছে। বিশেষ করে টেক্সটাইল শিল্পের জন্য দক্ষ কর্মী প্রয়োজন। পুনরায় শ্রম বাজার চালুর বিষয়ে সমঝোতা স্মারকের খসড়া বাংলাদেশে শীঘ্রই পাঠাবেন বলে এ সময় তিনি আশ্বস্ত করেন।
এছাড়া বাংলাদেশের টেক্সটাইল খাতে বিনিয়োগ করার বিষয়ে মরিশাস সরকার আগ্রহ প্রকাশ করেছে।
আরিফুল হক চৌধুরী শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে মরিশাস সরকারকে শুভেচ্ছা জানান। তিনি বাংলাদেশ থেকে মরিশাসে জনশক্তি পাঠানোর সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণের জন্য মরিশাস সরকারকে অনুরোধ জানান।
তিনি আরও জানান, টেক্সটাইল শিল্প ছাড়াও অন্যান্য পেশা যেমন- ডাক্তার, প্রকৌশলী, নার্স, একাউন্টেন্ট ইত্যাদি বিষয়ে দক্ষ জনশক্তি পাঠাতে বাংলাদেশ সরকার আগ্রহী। সবশেষে তিনি মরিশাসে শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।
বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার, সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও বাংলাদেশের স্থায়ী মিশনের প্রতিনিধি নাহিদা সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, সিনিয়র সহকারী সচিব মো. মাহবুবুল ইসলাম ও বাংলাদেশ মিশনের প্রথম সচিব মো. আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
