পুশ ইন এলাউ করছি না, দিল্লিকে ১২-১৩টি চিঠি দিয়েছে ঢাকা: শামা ওবায়েদ
ভারতের পুশইনের চেষ্টা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শক্তভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি আরও জানান, এই পুশইন বন্ধে ইতিমধ্যে ভারত সরকারকে ১২ থেকে ১৩টি আনুষ্ঠানিক চিঠি দিয়েছে বাংলাদেশ সরকার।
সোমবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
শামা ওবায়েদ বলেন, "অবৈধ যারা আছে তাদের ফেরত দেওয়ার একটা প্রক্রিয়া আছে। সেটা মেনেই ভারতকে কাজ করতে হবে।" তিনি সতর্ক করে বলেন যে, পুশইনের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে নেতিবাচক প্রভাব ফেলবে।
পুশইনের ঘটনা দ্বিপক্ষীয় সম্পর্ক 'পুনরুদ্ধার চেষ্টাকে' ব্যাহত করতে পারে কি না, এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, "এভরি ইভেন্ট, এভরি কেস ইজ ডিফ্রেন্ট (প্রতিটি ঘটনাই ভিন্ন)। একটার সাথে আরেকটা জড়িত না। কিন্তু এই ঘটনাটা যদি বর্ডারে ঘটে, ভারতের সরকার যদি এটা সিরিয়াসলি নেয়, তাহলে আমাদের জন্য সম্পর্কটা এগিয়ে নিয়ে যাওয়া অনেক সহজ হবে।"
অবৈধ হয়ে পড়া বা কারাবন্দিদের ফেরত পাঠানোর ক্ষেত্রে কূটনৈতিক চ্যানেল ব্যবহারের আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, "কোনোভাবেই এই পুশইনের মাধ্যমে যদি তারা করে, তাহলে অবশ্যই সেটা আমাদের জন্য ভালো হবে না। এবং সেটা আমাদের ভারত এবং বাংলাদেশ সম্পর্ক, যেটা আমরা বলি যে—নতুন উচ্চতায় ওঠার চেষ্টা হচ্ছে এবং উনারাও একটা প্যারাডাইম শিফটের (মৌলিক পরিবর্তন) কথা বলেন; সে প্যারাডাইম শিফটটা যদি হতে হয়, তাহলে এই কাজগুলা যে ডিপ্লোম্যাসি (কূটনীতি) আছে, যে বিদ্যমান প্রক্রিয়া আছে, সে প্রক্রিয়াটাই আমাদের দুই দেশে অবলম্বন করা উচিত।"
উল্লেখ্য, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে শিশু, নারীসহ বিভিন্ন ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানো ঠেকাতে সম্প্রতি দেশের ২৬টি সীমান্ত জেলায় বিপুল সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি সদস্যরা ২৪ ঘণ্টা সীমান্ত পাহারা দিচ্ছেন এবং অনেক জায়গায় স্থানীয় লোকজনও তাদের সহযোগিতা করছেন।
এদিকে সোমবার (৮ জুন) থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মধ্যে ৫৭তম মহাপরিচালক (ডিজি) পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। ১১ জুন পর্যন্ত এই সম্মেলন চলবে। বিজিবি জানিয়েছে, এই সম্মেলনে অবৈধ পুশইন, সীমান্তে বাংলাদেশি হত্যা ও সীমান্ত ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার টেবিলে স্থান পাবে।
