সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয় শিখতে ফ্রান্স সফরের প্রস্তাব রাজশাহী সিটি প্রশাসকের, নাকচ করলেন প্রধানমন্ত্রী
রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমানের ফ্রান্স সফরের প্রস্তাব নাকচ করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে একই সফরে সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইটের যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে।
সড়ক বাতির বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি শিখতে সিগনিফাই ফ্রান্স এর আউটডোর লাইটিং অ্যাপ্লিকেশন সেন্টার পরিদর্শনে যেতে চেয়েছিলেন তারা। সিগনিফাই বাংলাদেশ লিমিটেড কোম্পানির আমন্ত্রণে এই সফরের প্রস্তাব দেওয়া হয়।
সোমবার (৮ জুন) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওই দুই কর্মকর্তার ভ্রমণ প্রস্তাবের সারসংক্ষেপে সরকার প্রধানের নির্দেশনায় এ তথ্য জানা যায়।
প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, 'এ বিষয়ে কোনো প্রকৌশলী জ্ঞান আহরণ করলে তা রাজশাহী সিটি করপোরেশনের কাজে লাগবে। রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক প্রকৌশলী নয়, বিধায় তার যাওয়া কোনো গুরুত্ব বহন করে না। এ সফরে শুধু প্রস্তাবিত নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) প্রয়োজনে যেতে পারেন।'
নির্দেশনায় আরও বলা হয়েছে, ভবিষ্যতে এ ধরনের উদ্ভাবনী কাজের সঙ্গে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা নেওয়া উচিত।
প্রধানমন্ত্রীর এই নির্দেশনার বিষয়ে জানতে চাইলে তার প্রেস সচিব সালেহ শিবলী তথ্যটি নিশ্চিত করেছেন।
এর আগে মশকনিধনের উদ্ভাবনী কার্যক্রম দেখতে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাবও অনুমোদন করেননি প্রধানমন্ত্রী।
এ বিষয়ে প্রধানমন্ত্রী মন্তব্য করেছিলেন, 'মশকনিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই, দেশেই সন্ধ্যার পর কোনো ডোবার পাশে অবস্থান করলে মশকনিধনের উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।'
