অভ্যন্তরীণ ফ্লাইটে জেট ফুয়েলের দাম কমল লিটারে ১৫.৬৭ টাকা
আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম কমে আসায় বিমান সংস্থাগুলোর পরিচালন ব্যয় আরও কমাতে এক মাসের কিছু বেশি সময়ের মধ্যে তৃতীয়বারের মতো জেট ফুয়েলের দাম কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
সর্বশেষ সমন্বয় অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট এ-১ জ্বালানির মূল্য শুল্ক ও ভ্যাটসহ প্রতি লিটার ১৫০ টাকা ২১ পয়সা নির্ধারণ করা হয়েছে। এর আগে গত ২৩ মে এ মূল্য ছিল ১৬৫ টাকা ৮৮ পয়সা । ফলে প্রতি লিটারে দাম কমেছে ১৫ টাকা ৬৭ বা প্রায় ৯.৪ শতাংশ।
আজ (রোববার) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, জেট এ-১ জ্বালানির নতুন মূল্য আজ থেকেই কার্যকর হবে।
স্থানীয় ও বিদেশি বিমান সংস্থার পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জেট এ-১ জ্বালানির মূল্য শুল্ক ও ভ্যাট বাদে প্রতি লিটার ১.০৮২৩ মার্কিন ডলার থেকে কমিয়ে ০.৯৮০৮ ডলার নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে দাম কমেছে ০.১০১৫ ডলার।
বিইআরসি জানায়, ২২ মে থেকে ৪ জুন পর্যন্ত প্রকাশিত গড় প্ল্যাটস দর, ডিজেলের মূল্য পরিবর্তন, বিনিময় হার এবং পরিবহন ব্যয় বিবেচনায় নিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৩ মে বিইআরসি প্রতি লিটারে ৩৯ টাকা ৫৭ পয়সা কমিয়ে অভ্যন্তরীণ জেট এ-১ জ্বালানির মূল্য ২০৫ টাকা ৪৫ পয়সা থেকে ১৬৫ টাকা ৮৮ পয়সায় নামিয়ে আনে। তারও আগে ৭ মে নিয়ন্ত্রক সংস্থাটি বিমান জ্বালানির দাম প্রতি লিটারে ২২ টাকা ৩৫ পয়সা কমিয়েছিল।
ফলে ২৩ মে থেকে এখন পর্যন্ত অভ্যন্তরীণ জেট ফুয়েলের দাম মোট ৫৫ টাকা ২৪ পয়সা এবং মে মাসের শুরু থেকে ৭৭ টাকারও বেশি কমেছে।
