বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা ও ডিম নিক্ষেপের অভিযোগ
যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে।
আজ বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে, বেনাপোলের সাদিপুর সীমান্ত পরিদর্শন শেষে ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করা হচ্ছে। আহতদের মধ্যে রয়েছেন— ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রূপম আহসান অর্ণব।
তবে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সদস্য সচিব ফরিদুল হকসহ দলের অন্য নেতারা নিরাপদ রয়েছেন এবং ইতোমধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বলে জানা গেছে।
হামলার ঘটনায় কারা জড়িত ছিল এবং হামলার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য খালিদ সাইফুল্লাহ জানান, যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্তে পুশ-ইন চেষ্টার প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে বুধবার দুপুরে পরিদর্শন করেন। এসময় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাদিপুরে পরিদর্শন শেষে গাড়িতে উঠার সময় গাড়িতে ডিম নিক্ষেপ করে কিছু যুবক পালিয়ে যায়।
পরবর্তীতে দুটি গাড়ি বেনাপোল বাজারে পৌঁছালে বিএনপির নেতারা হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ সময় চারজন নেতা আহত হয়েছেন বলেও তিনি জানান।
তিনি বলেন, 'নাসীরুদ্দীন পাটওয়ারীসহ নেতৃবৃন্দ ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। এই গুপ্ত হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।'
এদিকে নাসীরুদ্দীন পাটওয়ারী একটি কাচ ভাঙা গাড়ির ছবি নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করে লিখেছেন, 'সীমান্তে আমাদের আগমনের খবর পাওয়ার পর গত রাতে যেসব পরিবারকে জোরপূর্বক পুশ-ইন করা হয়েছিল, তাদের ভারতীয় কর্তৃপক্ষ সেখান থেকে সরিয়ে নিয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি সম্পর্কে সরেজমিনে তথ্য সংগ্রহ করেছি। ফেরার পথে আমাদের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। গাড়ি ভাঙচুর করা হয়েছে। ৪ জন আহত তবে বাকিরা আল্লাহর রহমতে নিরাপদ আছি। সীমান্তে মানবিক মর্যাদা, নাগরিক অধিকার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে আমাদের অবস্থান অবিচল থাকবে।'
তবে এ ধরনের কোনো হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন বেনাপোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন। ওসি জানান, এনসিপি নেতাদের এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।
