বনানীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত, ব্যাগ থেকে মাদক উদ্ধার
রাজধানীর বনানীতে যাত্রীবাহী বাসের চাপায় শাহাদাত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই যাত্রীর ব্যাগ থেকে মাদক উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বনানী সড়ক ভবনের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে সংশ্লিষ্ট মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।
বনানী থানার পরিদর্শক (অপারেশন্স) মঈন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে সড়ক ভবনের সামনে বাস চাপায় ওই যাত্রী ঘটনাস্থলেই মারা যান। বাসের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় তাকে বহনকারী মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাইড শেয়ারিং করা আল-আমিন ও বাপ্পী নামের দুইজন মোটরসাইকেল চালক বিমানবন্দর রেলস্টেশনের সামনে থেকে দুইজন যাত্রীকে নিয়ে তেজগাঁওয়ের ইমপালস হাসপাতালের দিকে যাচ্ছিলেন। বাপ্পীর মোটরসাইকেলে যাত্রী হিসেবে ছিলেন শাহাদাত। পথে সড়ক ভবনের সামনে একটি দূরপাল্লার বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা পড়ে গেলে শাহাদাতের মাথা বাসের পেছনের চাকার নিচে ঢুকে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে একটি গাঁজার প্যাকেট উদ্ধার করে। এদিকে, এই ঘটনার পর অপর মোটরসাইকেলে থাকা অন্য যাত্রী পালিয়ে গেছেন বলে জানা গেছে।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, "ওই যাত্রীর ব্যাগ থেকে গাঁজার প্যাকেট জব্দ করা হয়েছে। সেখানে কতটুকু মাদক ছিল তা যাচাই করা হচ্ছে। এর পাশাপাশি পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।"
