দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না: বাণিজ্যমন্ত্রী
ভোজ্যতেলের দাম বাড়ানোর জন্য মিল মালিকদের দেওয়া প্রস্তাব নাকচ করে দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানিয়ে দিয়েছেন, আপাতত দেশে ভোজ্যতেলের দাম বাড়ছে না এবং বর্তমানে দাম বাড়ানোর মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।
আজ রোববার (১২ এপ্রিল) সচিবালয়ে ভোজ্যতেলের মিলারদের সংগঠন 'বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন'-এর প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর একটি প্রস্তাব দিয়ে রেখেছিলেন মিল মালিকরা।
বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, 'দেশের মানুষ মধ্যপ্রাচ্য যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এর মধ্যে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেটি লক্ষ্য হিসেবে নিয়ে আমরা পদক্ষেপ নেব।'
তেলের বাজার পরিস্থিতি ব্যাখ্যা করে তিনি আরও বলেন, 'ভোজ্যতেল নিয়ে আমরা নিয়মিত বসি। এটি একটি সংবেদনশীল পণ্য। এটির দাম বাড়লে ক্রেতারা নাখোশ হোন। এজন্য নিয়মিত বিরতিতে আমরা দেশের তেলের সরবরাহ পরিস্থিতি, আমদানি পর্যালোচনা করি। তবে এ বৈঠকে দাম বাড়ানোর বিষয়ে এখনো বলার মতো কোনো কিছু হয়নি।'
