গ্রাহকের তথ্য হ্যাক: ‘স্বপ্ন’ সুপারশপের কাছে ১৮ কোটি টাকা দাবি হ্যাকারদের
দেশের জনপ্রিয় সুপারশপ চেইন 'স্বপ্ন'-র গ্রাহক ডেটাবেজ হ্যাকের অভিযোগ পাওয়া গেছে। গত আগস্টে আমেরিকা থেকে হ্যাকাররা গ্রাহক তথ্য প্রকাশ না করার শর্তে প্রতিষ্ঠানটির কাছে ১৫ লাখ মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা দাবি করেছিল বলে জানিয়েছে স্বপ্ন কর্তৃপক্ষ।
প্রায় ছয় মাস আগে হ্যাক হওয়া গ্রাহকদের নাম, ফোন নম্বর ও কেনাকাটার কিছু তথ্য সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রকাশ্যে আসে। এ বিষয়ে যোগাযোগ করা হলে স্বপ্ন'র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির টিবিএসকে বলেন, "হ্যাকাররা গত আগস্টে মেইল করে আমাদের ডাটাবেজ হ্যাক করার কথা জানায়। তারা ১৫ লাখ ডলার দাবি করে ডিসেম্বর পর্যন্ত সময় বেঁধে দেয়। পুরো ডাটাবেজে অ্যাক্সেস পেতে আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধের কথা বলে। তবে আমরা পরীক্ষা করে ডাটাবেজে আমাদের নিজস্ব অ্যাক্সেস ঠিকঠাক পেয়েছি।"
তিনি আরও বলেন, "আগস্টে হ্যাক করে হ্যাকাররা কিছু ডাটা নিয়ে থাকতে পারেন। তবে আমরা তখন থেকেই পুরো ডাটাবেজ আমাদের নিয়ন্ত্রণে নিয়েছি। আমাদের ডাটাবেজ এখনো সুরক্ষিত। ওই সময় হ্যাকাররা হয়তো ডাটাবেজের একটি অংশের অ্যাক্সেস পায়।"
তবে ঠিক কতজন গ্রাহকের তথ্য ফাঁস হয়েছে বা ঝুঁকির মুখে পড়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সাব্বির হাসান নাসির। স্বপ্ন এ বিষয়ে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান তিনি। এসিআই লিমিটেডের সহযোগী এই প্রতিষ্ঠানটি বর্তমানে দেশি-বিদেশি ফরেনসিক বিশেষজ্ঞ ও পুলিশের সিটিটিসি (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) ইউনিটের সঙ্গে সমস্যা সমাধানে কাজ করছে।
বর্তমানে দেশের ৬৩টি জেলায় ৮১২টি আউটলেট রয়েছে স্বপ্ন'র। প্রতিষ্ঠানটির নিবন্ধিত গ্রাহক সংখ্যা ৪০ লাখের বেশি। হ্যাক হওয়া তথ্যের মধ্যে রয়েছে গ্রাহকদের নাম, মোবাইল নম্বর ও তাদের কেনাকাটার বিস্তারিত তথ্য।
ঘটনাটি গত আগস্টে ঘটলেও কেন আগে ব্যবস্থা নেওয়া হয়নি—এমন প্রশ্নে স্বপ্ন'র এমডি জানান, হ্যাকাররা জানানোর পরপরই তারা ডাটাবেজ সংরক্ষণ করতে সক্ষম হন। তবে হ্যাকাররা যে কিছু ডাটা নিজেদের কাছে রেখে দিয়েছে, সেটি তাদের জানানো হয়নি।
