ব্যক্তিগত আক্রমণ পরিহার ও অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী
শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক অগ্রজদের পরামর্শে নিজের পথচলায় ইতিবাচক পরিবর্তনের অঙ্গীকার করেছেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানিয়েছেন, এখন থেকে ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলাসহ অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকবেন তিনি।
আজ বুধবার (১৮ মার্চ) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা জানান।
গত কয়েকদিনের অভিজ্ঞতা ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার কথা উল্লেখ করে তিনি লেখেন, `গত কয়েকদিনে বয়োজ্যেষ্ঠ বন্ধু, রাজনৈতিক শুভাকাঙ্ক্ষী, মন্ত্রী-এমপি ও প্রিয় সহযোদ্ধাদের সাথে কিছু আন্তরিক কথা বলার সুযোগ হয়েছিল। সবার কাছ থেকেই একটি সুন্দর দিকনির্দেশনা পেয়েছি, ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে চলা, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে দূরে থাকা এবং গঠনমূলক আলোচনায় মনোযোগ দেওয়া।'
পরামর্শগুলো সাদরে গ্রহণ করার কথা জানিয়ে পোস্টে তিনি বলেন, `আমি বিনয়ের সাথে সেই পরামর্শগুলো গ্রহণ করছি এবং আরও শান্ত ও দায়িত্বশীলভাবে পথ চলার চেষ্টা করব। রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক অগ্রগতির জন্য নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করে যেতে চাই।'
নিজের কোনো আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নাসীরুদ্দীন বলেন, `আমার কোনো কথা বা কাজে অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি। আপনাদের দোয়া, ভালোবাসা ও পরামর্শ আমার পথচলার শক্তি।'
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, গতকাল ধানমণ্ডির তাকওয়া মসজিদে কিয়ামুল লাইলের মাধ্যমে এই আত্মিক যাত্রার এক নীরব সূচনা করেছি।
পরিশেষে সবার দোয়া চেয়ে তিনি লেখেন, 'আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন এবং সঠিক পথে পরিচালিত করুন।'
