তরুণদের অংশগ্রহণ দেশের রাজনীতিকে বেগবান করবে: এনসিপির ইফতারে স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজনীতি কোনো স্ট্যাটিক বা স্থবির বিষয় নয়। তাই রাজনৈতিক দলগুলোকে জনগণের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, সময় এবং বিশেষ করে তারুণ্যের চাহিদার সাথে সংগতি রেখে তাদের নির্বাচনি ইশতেহার পরিমার্জন করতে হবে। শুধু নির্বাচনি ইশতেহারই নয়, রাজনৈতিক দলগুলোর লক্ষ্য, উদ্দেশ্য এবং ঘোষণাপত্রও জনআকাঙ্ক্ষা ও সময়ের বিবর্তনে পরিবর্তনযোগ্য হওয়া প্রয়োজন।
তিনি বলেন, 'তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে; এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে৷'
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে শুভেচ্ছা বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপির উত্থানকে ইতিবাচক হিসেবে দেখে মন্ত্রী বলেন, 'গণতান্ত্রিক মাঠে যেদিন এনসিপির যাত্রা রাজনৈতিক দল হিসেবে শুরু হয়েছিল আমি আশাবাদী হয়েছি।'
রাজনীতিতে নতুন প্রজন্মের অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, 'তরুণদের রাজনীতিতে অংশগ্রহণ আমাদেরকে আরো বেশি মর্যাদাবান করবে; এদেশের রাজনীতিকে অনেক বেশি বেগবান করবে; তারুণ্যের চাহিদাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে।'
স্বরাষ্ট্রমন্ত্রী এনসিপির বর্তমান অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে বলেন, 'নতুন রাজনৈতিক দল হিসেবে এনসিপি এই পথে অনেক দূর আসতে সক্ষম হয়েছে।'
দলটির ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে তিনি আরও বলেন, 'রাজনীতিতে নির্বাচনি সমঝোতার মধ্য দিয়ে জোট হিসেবে অংশগ্রহণ করে জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি ছয়টি আসন পেয়েছে। এই ছয়টি আসন বৃদ্ধি পেতে পেতে হয়তো বা একসময় তারা রাষ্ট্রক্ষমতায় আরোহণ করবে।'
রাজনীতির চ্যালেঞ্জ ও জনসম্পৃক্ততা নিয়ে মন্ত্রী বলেন, 'রাজনীতির মাঠে সবাই উত্থান-পতনকে মেনে নেয়। এই উত্থান-পতনকে যারা মানেনি, তারা রাজনীতিতে টিকে থাকেনি। রাজনীতিতে যারা মানুষের চাহিদাকে ধারণ করবে এবং জনগণের চাহিদাকে সমুন্নত রেখে এ দেশের সকল মানুষকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করবে, সেরকম একটি রাজনৈতিক পরিবেশ বর্তমান ও আগামী প্রজন্ম চায়।'
তিনি এনসিপির আদর্শিক দিক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, 'যারা সত্যিকার অর্থে এদেশের মানুষকে প্রতিনিধিত্ব করে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার প্রত্যাশা ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করে, সেই রকম রাজনীতি এনসিপি করবে।'
দলের পরিকল্পনা ও ইশতেহারের প্রশংসা করে তিনি বলেন, 'তাদের নির্বাচনি ম্যানিফেস্টো দেখে আমরা উৎসাহিত হয়েছি, খুব মনোযোগ সহকারে পুরো ম্যানিফেস্টো আমি পড়েছি।'
জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, 'জাতীয় সংসদে তর্ক-বিতর্ক হবে কিন্তু আমরা জাতীয় স্বার্থে এক থাকব।'
সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করে মন্ত্রী বলেন, 'জাতীয় সংসদকে আমরা আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করব। সেখানে সকল ইস্যু আলাপ-আলোচনা ও বিতর্কের মধ্য দিয়ে আমরা জাতিকে একটি সমাধান দিব৷'
এনসিপির অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীর শেরে বাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।
