পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশ বিজিবি মহাপরিচালকের
নির্বাচনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)- মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
তিনি বলেন, 'বর্ডার গার্ড বাংলাদেশ একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে অর্পিত সকল দায়িত্ব পালনে সম্পূর্ণরূপে প্রস্তুত।'
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি মহাপরিচালক বলেন, 'ভোটাররা যেন নিরাপদ, শান্তিপূর্ণ ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সে লক্ষ্যে বিজিবি অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।'
চট্টগ্রামে এক বেইজ ক্যাম্পে বাহিনীর সদস্যের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করা হয়।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চট্টগ্রাম-৬ এবং চট্টগ্রাম-২ আসনের দায়িত্বপূর্ণ এলাকায় স্থাপিত বিজিবির এই নির্বাচনি বেইজ ক্যাম্প গত রবিবার (৮ ফেব্রুয়ারি) পরিদর্শন করেন মহাপরিচালক।
চট্টগ্রাম-৬ আসনের অন্তর্গত রাউজান সালামত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে এবং চট্টগ্রাম-২ আসনের অন্তর্গত ফটিকছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে নির্বাচনি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।
এ সময় তিনি বেইজ ক্যাম্পে নির্বাচনি দায়িত্বে নিয়োজিত বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে নির্বাচনি দায়িত্ব পালনের বিষয়ে বিভিন্ন দিক-নির্দেশনা দেন।
পরে বিজিবি মহাপরিচালক চট্টগ্রামের স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বিজিবির চট্টগ্রাম রিজিয়ন কমান্ডারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
