উত্তরা ও মৌচাকের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) কার্যালয়ের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে যুবলীগের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি ১১/এ সড়কে আইসিটি কার্যালয়ের সামনে ককটেলটি বিস্ফোরিত হয়। ঘটনায় কেউ হতাহত হননি।
অন্যদিকে একইদিন সন্ধ্যায় ধানমন্ডি ২৭ নম্বরে মোঘল রেস্তোরার সামনে ঝটিকা মিছিলের চেষ্টাকালে যুবলীগের দুই নেতা তন্ময় সাহা ও ভোলা ফরহাদকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত তন্ময় সাহা ফরিদপুর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবং ভোলা ফরহাদ গাজীরটেক ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
দুটি ঘটনাই নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা। তিনি বলেন, 'সন্ধ্যায় ধানমন্ডি ১১/এ সড়কের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যালয় সংলগ্ন সড়কে একটি ককটেল বিস্ফোরণ হয়। এতে কেউ হতাহত হয়নি। কারা ককটেল মেরেছে, তা শনাক্তের চেষ্টা চলছে।'
তিনি আরও জানান, 'ধানমন্ডি ২৭ এলাকায় মিছিলের চেষ্টাকালে যুবলীগের দুই নেতাকে আটক করা হয়েছে।'
এর আগে রাজধানীর উত্তরার জসীম উদদীন রোড ও মৌচাক মার্কেট এলাকায় পুলিশকে লক্ষ্য করে দুর্বৃত্তরা ককটেল নিক্ষেপ করে। এ ঘটনায় পুলিশের একজন সার্জেন্ট আহত হয়েছেন।
