২০২৫-২৬ অর্থবছরের শেষ প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ২.০৫ থেকে বেড়ে ৪.৬ শতাংশ
২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকে (এপ্রিল-জুন) বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি বেড়ে ৪.৬০ শতাংশে উন্নীত হয়েছে। আগের ২০২৪-২৫ অর্থবছরের একই প্রান্তিকে এই প্রবৃদ্ধির হার ছিল ২.০৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
বিবিএসের তথ্যানুযায়ী, বর্তমান মূল্যে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দেশের জিডিপির পরিমাণ দাঁড়িয়েছে ১৬ লাখ ১১ হাজার ৬৭৪ কোটি টাকা। আগের অর্থবছরের একই প্রান্তিকে এর পরিমাণ ছিল ১৪ লাখ ৩৮ হাজার ৫২৭ কোটি টাকা।
প্রতিবেদনে বলা হয়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪.৯৬ শতাংশ, ৩.০৩ শতাংশ এবং ২.২২ শতাংশ।
অন্যদিকে, এর আগের ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি রেকর্ড করা হয়েছিল যথাক্রমে ৩.৯১ শতাংশ, ৩.৫৩ শতাংশ এবং ৪.৫৩ শতাংশ।
চারটি প্রান্তিকের আনুমানিক হিসাব বিবেচনায় নিয়ে স্থির মূল্যে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের সার্বিক বার্ষিক জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩.৬৮ শতাংশ।
শিল্পে প্রবৃদ্ধি বাড়লেও গতি কমেছে কৃষি ও সেবায়
২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে দেশের শিল্প খাতে প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে একই সময়ে কৃষি খাতে প্রবৃদ্ধি কমেছে এবং সেবা খাতেও প্রবৃদ্ধির গতি আগের বছরের তুলনায় কিছুটা বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত সাময়িক প্রতিবেদন অনুযায়ী, স্থির মূল্যে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি হয়েছে ১.৭৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ে এ খাতে প্রবৃদ্ধি ছিল ৩.১৯ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে চতুর্থ কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি ১.৪৬ শতাংশীয় পয়েন্ট কমেছে।
২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে কৃষি খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ঋণাত্মক ০.১২ শতাংশ, ১.৯০ শতাংশ এবং ৪.৬১ শতাংশ। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের একই তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ২.১১ শতাংশ, ৩.৬৮ শতাংশ এবং ১.৭৪ শতাংশ।
অন্যদিকে, চতুর্থ কোয়ার্টারে শিল্প খাতে প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে স্থির মূল্যে শিল্প খাতের প্রবৃদ্ধি হয়েছে ৬.৫২ শতাংশ, যেখানে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি ছিল মাত্র ০.৯২ শতাংশ।
তবে পুরো অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধিতে ওঠানামা দেখা গেছে। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে শিল্প খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪.৮০ শতাংশ, ৫.৭৮ শতাংশ ও ৩.৩৩ শতাংশ। ২০২৫-২৬ অর্থবছরে তা দাঁড়িয়েছে যথাক্রমে ৬.৮২ শতাংশ, ১.২৭ শতাংশ এবং ঋণাত্মক ০.২৮ শতাংশে।
সেবা খাতেও চতুর্থ কোয়ার্টারে আগের বছরের তুলনায় প্রবৃদ্ধি বেড়েছে। ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধি হয়েছে ৪.২৮ শতাংশ, যা ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে ছিল ২.২৬ শতাংশ।
তবে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে সেবা খাতের প্রবৃদ্ধিতে ধীরগতি দেখা যায়। ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন কোয়ার্টারে এ খাতের প্রবৃদ্ধি ছিল যথাক্রমে ৪.৪৯ শতাংশ, ৩.৪৮ শতাংশ ও ৭.৩২ শতাংশ। বিপরীতে ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে প্রবৃদ্ধি হয়েছে যথাক্রমে ৪.৫১ শতাংশ, ৪.৪৫ শতাংশ ও ৩.৫২ শতাংশ।
সামগ্রিকভাবে, ২০২৫-২৬ অর্থবছরের চতুর্থ কোয়ার্টারে শিল্প ও সেবা খাতে প্রবৃদ্ধির উন্নতি হলেও কৃষি খাতে প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। ফলে অর্থনীতির বিভিন্ন খাতে প্রবৃদ্ধির চিত্রে উল্লেখযোগ্য বৈচিত্র্য দেখা গেছে।
