প্রভিশনিং বাড়ায় ২০২৫ সালে এইচএসবিসি বাংলাদেশের মুনাফা কমেছে ২৩ শতাংশ
২০২৫ সালে বাংলাদেশে এইচএসবিসি-র নিট মুনাফা ২৩ শতাংশ কমেছে। মূলত শ্রেণিকৃত ঋণের বিপরীতে বাড়তি প্রভিশন সংরক্ষণ এবং সরকারি ট্রেজারি বন্ড থেকে আয় কমার কারণেই বহুজাতিক ব্যাংকটির মুনাফায় এই পতন।
২০২৫ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির কর-পরবর্তী নিট মুনাফার পরিমাণ দাঁড়িয়েছে ৮২৩ কোটি টাকা। ২০২৪ সালে এই মুনাফা ছিল ১ হাজার ৮৬ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে মুনাফা উল্লেখযোগ্য হারে কমেছে।
প্রভিশন বজায় রাখা অনেকটা বেড়ে যাওয়ায় ব্যাংকটির আয়ে এই ধাক্কা লেগেছে। ২০২৫ সালে ঋণের বিপরীতে ২৬৫.৯৬ কোটি টাকা প্রভিশন রেখেছে এইচএসবিসি, যা আগের বছরের তুলনায় ১৪৯ শতাংশ বেশি। একইসঙ্গে গত এক বছরে ট্রেজারি বন্ড থেকে ব্যাংকটির আয়ও ১৭ শতাংশ কমে গেছে।
আলোচ্য বর্ষে এইচএসবিসির শ্রেণিকৃত ঋণের পরিমাণ ১৩৪ শতাংশ বেড়ে ৭৪৮.২০ কোটি টাকায় দাঁড়িয়েছে—ব্যাংকটির মোট বিতরণকৃত ঋণের ৩.৯৯ শতাংশ।
