অতিরিক্ত দামে ডলার কেনায় কয়েকটি ব্যাংককে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক
বিদেশি মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে অতিরিক্ত দামে ডলার কেনা কয়েকটি বাণিজ্যিক ব্যাংককে মৌখিকভাবে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) অ্যাসোসিয়েশন অভ ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সঙ্গে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের আলোচনার সময় কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এটি বলা হয়।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা টিবিএসকে বলেন, নিয়ন্ত্রক সংস্থার নজরে এসেছে, কয়েকটি ব্যাংক অতিরিক্ত দামে ডলার কিনেছে। 'তাই ডলার বেশি দামে কেনাবেচা না করার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে।'
তিনি আরও বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে বলা হয়েছে, চাহিদা ও জোগানের ওপর ভিত্তি করে ডলারের দাম নির্ধারণ করা হবে। কোনো রকমের হস্তক্ষেপ করা হবে না।
ওই কর্মকর্তা বলেন, বর্তমানে ডলারের সরবরাহ অনেক ভালো রয়েছে। ব্যাংকগুলোর নিট ওপেন পজিশনের অবস্থাও বেশ ভালো। এমন অবস্থায় বেশি দামে ডলার কিনলে মার্কেট অস্থির হবে। সেই কারণেই নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
একটি বেসরকারি ব্যাংকের একজন ঊর্ধতন কর্মকর্তা বলেন, বাংলাদেশ ব্যাংক থেকে ১২৩.১০ টাকার মধ্যেই মানি এক্সচেঞ্জ হাউস থেকে রেমিট্যান্স কিনতে বলা হয়েছে। তাছাড়া ১২২.৭৫ টাকার ওপর যেন আন্তঃব্যাংক লেনদেন না হয়, সেটার নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে বৃহস্পতিবার বেশ কয়েকটি ব্যাংক টিবিএসকে জানায় যে মানি এক্সচেঞ্জ হাউস থেকে ১২৩ টাকা দরে রেমিট্যান্সের ডলার কিনেছে।
ব্যাংকাররা বলেন, আন্তঃব্যাংকে লেনদেন গত দুই দিন থেকে কম। কারণ বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংকে সর্বোচ্চ ১২২.৭৫ টাকায় লেনদেন করতে বলেছে।
এর কারণ হিসেবে তারা বলেন, বেশি দরে রেমিট্যান্সের ডলার কেনার পরে আন্তঃব্যাঙ্ক বাজারে তা ১২২.৭৫ টাকায় বিক্রি করতে রাজি নয় ব্যাংকগুলো। মূলত এই অনীহার কারণেই আন্তঃব্যাঙ্ক ডলার লেনদেনে ভাটা পড়েছে।
