‘আরও অনেক জায়গায় পরিবর্তন হবে’– বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন প্রসঙ্গে অর্থমন্ত্রী
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে রদবদল সম্পর্কে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নতুন সরকার ক্ষমতায় এসেছে। অনেক কিছুরই পরিবর্তন হবে। এখানেও পরিবর্তন হয়েছে। এটা নতুন কিছু না। আরও অনেক জায়গায় পরিবর্তন হবে।
আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয় থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী এ কথা বলেন।
এদিন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।
'গভর্নর পদে এত দ্রুত পরিবর্তনের বিশেষ কোনো কারণ আছে কিনা?' – সাংবাদিকদের এ প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়ে অর্থমন্ত্রী বলেন, "আরও অনেক জায়গায় পরিবর্তন হবে। এর বিশেষ কোনো কারণ নেই।"
এদিন অর্থমন্ত্রী অত্যন্ত কর্মব্যস্ত দিন কাটান। তিনি বাণিজ্যমন্ত্রী, বাণিজ্য সচিব, অর্থ সচিব, আর্থিক প্রতিষ্ঠান সচিব ও এনবিআর চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন।
