‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কোটা আন্দোলনকারীদের নতুন কর্মসূচি ঘোষণা
কোটাসংস্কার আন্দোলন ঘিরে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন প্রতিবাদ ও ৯ দফা দাবি আদায়ে 'রিমেম্বারিং আওয়ার হিরোজ' (আমাদের নায়কদের স্মরণ) কর্মসূচি ঘোষণা করেছেন কোটাসংস্কার আন্দোলনকারীরা।
আজ বুধবার (৩১ জুলাই) বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক রিফাত রশীদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামীকাল এই কর্মসূচি পালনের কথা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব ঘটনার 'জাতিসংঘ কর্তৃক তদন্তপূর্বক বিচারের দাবিতে এবং ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন 'রিমেম্বারিং আওয়ার হিরোজ' কর্মসূচি ঘোষণা করছে।'
এদিন কর্মসূচি পালনের জন্য যা যা করা হবে, তারমধ্যে রয়েছে – নির্যাতনের ভয়ংকর দিন-রাতগুলোর স্মৃতিচারণ; শহীদ ও আহতদের নিয়ে পরিবার এবং সহপাঠীদের স্মৃতিচারণ; চিত্রাঙ্কন/গ্রাফিতি, দেওয়াল লিখন, ফেস্টুন, ডিজিটাল পোট্রের্ট তৈরি প্রভৃতি।
বিবৃতিতে বলা হয়, ক্যাম্পাস ও এলাকাভিত্তিক শিক্ষক-ছাত্র-জনতা জমায়েত হয়ে গণহত্যা, গণপ্রেপ্তার, হামলা-মামলা, গুম-খুন ও শিক্ষকদের ওপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ জানাবেন। এবং মৌন মিছিল, মশাল মিছিল, পথনাটক, মঞ্চনাটক, প্রতিবাদী গানের আসর – ইত্যাদি সাংস্কৃতিক আয়োজন কর্মসূচির আয়োজন করতে হবে।
শহীদদের স্মরণে যেকোনো কন্টেন্ট বা লেখা ইংরেজিতে #জুলাইম্যাসাকার ও #রিমেম্বারিংআওয়ারহিরোজ ট্যাগসহকারে অনলাইনে ও অফলাইনে প্রচার করতে হবে।
শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী, পেশাজীবী, শ্রমজীবী, ব্যবসায়ীসহ সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি পালনে সর্বাত্মক অংশ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন আন্দোলনের এই সমন্বয়ক।
