বাগেরহাটে পল্লী চিকিৎসা সনদ নিয়ে অপারেশন, কথিত চিকিৎসকের কারাদণ্ড
বাগেরহাটে মোঃ দেলোয়ার হোসেন নামের এক কথিত চিকিৎসককে এক বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। পল্লী চিৎকিসকের সনদ নিয়ে নিয়মবহির্ভূতভাবে পাইলস ও পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশন করার অপরাধে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের রেল রোড এলাকায় ওই চিকিৎসকের চেম্বারে অভিযান চালিয়ে বাগেরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার রোহান সরকার ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এই আদেশ দেন। সেই সাথে আরও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয় মোঃ দেলোয়ার হোসেনকে। এসময় বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক রোহান সরকার বলেন, পল্লী চিকিৎসকের সনদ নিয়ে দেলোয়ার হোসেন নামের এ ব্যক্তি বেশ কয়েক বছর ধরে বাগেরহাট সদর ও মোড়েলগঞ্জ উপজেলায় চেম্বার খুলে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর আগেও অভিযান চালিয়ে তাকে জেল-জরিমানা করা হয়েছিলো, কিন্তু তিনি জেল থেকে ছাড়া পেয়ে পুনরায় তার অপচিকিৎসা চালিয়ে যেতে থাকে। তিনি মূলত একজন পল্লী চিকিৎসক। ওই সনদ দিয়ে তিনি পাইলস, অর্শ, ভগন্দার, গেজ ও নাকের পলিপাসসহ বিভিন্ন রোগের অপারেশনে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন ডাক্তার পরিচয় দিয়ে থাকেন এবং অপারেশন করেন।
