৫ মাস বয়সী নাতিসহ দাদীর করোনাভাইরাস
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পাঁচ মাস বয়সী এক শিশু ও তার দাদী (৬৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার দুপুরে তাদের কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌঁছায়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ জনে দাঁড়িয়েছে। নতুন আক্রান্ত দাদী-নাতির বাড়ি সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের সুহিলপুর গ্রামে।
এর আগে ওই শিশুর বাবাও প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার মোট ১৫৫ জনের রিপোর্ট এসেছে আমাদের কাছে। এরমধ্যে ওই দাদী-নাতির রিপোর্টে কোভিড-১৯ পজিটিভ। তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় জানায়, জেলায় মোট আক্রান্ত ৬২ জনের মধ্যে দুজন মারা গেছেন। অন্যদিকে, আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৬ জন।
