সিলেটে প্রথম করোনা রোগী শনাক্ত
সিলেটে করোনাভাইরাস আক্রান্ত একজনকে শনাক্ত করা হয়েছে। রোববার সন্ধ্যায় সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মণ্ডল এ তথ্য নিশ্চিত করেন।
সিলেটে এই প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো। তার বাসা সিলেট নগরীর হাউজিং এস্টেট এলাকায়। তিনি বাসায়ই রয়েছেন।
সিভিল সার্জন জানান, ওই রোগীর বাসা লকডাউন করার প্রক্রিয়া চলছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের পর প্রবাসীবহুল হিসেবে সিলেটকে ঝুঁকিপূর্ণ অঞ্চল বলে আসছিলেন বিশেষজ্ঞরা। সিলেটের শহীদ শামসদ্দিন হাসপাতালে চালু করা হয় করোনা আইসোলেশন সেন্টার।
ওই সেন্টারে করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে প্রতিদিনই একাধিক রোগি ভর্তি হলেও পরীক্ষায় তাদের শরীরে ভাইরাসটি পাওয়া যায়নি। তবে রোববার বাসায় থাকা এক রোগীর শরীরে এটি শনাক্ত করা হয়।
