পাঁচ হাজার টেকনোলজিস্ট নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, 'মাত্র ১০ দিনের মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৫ হাজার নার্স নিয়োগ দেওয়া হয়েছে। চিকিৎসা খাতকে আরও শক্তিশালী করতে আরও নতুন অন্তত ৫ হাজার মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের কাজ চলমান রয়েছে। খুব দ্রুত এই টেকনোলজিস্টদের নিয়োগ দেওয়া হবে।'
রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে করোনা মোকাবেলায় ২ হাজার বেডের অস্থায়ী হাসপাতাল কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
বসুন্ধরা করোনা ডেডিকেটেড অস্থায়ী হাসপাতালটিকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড হাসপাতাল উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, 'মাত্র ২০ দিনের মধ্যে এই হাসপাতালটি সরকার প্রস্তুত করতে সক্ষম হয়েছে। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোভিড ডেডিকেটেড হাসপাতাল। এখানে অত্যাধুনিক মোট ২০১৩টি আইসোলেটেড শয্যা রয়েছে, যার মধ্যে ৭১টির সঙ্গে অক্সিজেন সিলিন্ডার যুক্ত করা রয়েছে। এছাড়া এখানে আরও অন্তত ৪০০টি পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আইসিইউ ব্যবস্থাসহ এই হাসপাতাল উন্নত দেশের কোভিড অস্থায়ী হাসপাতালের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই।'
একইসঙ্গে, করোনাভাইরাস মোকাবেলায় দেশে এখন প্লাজমা থেরাপির কাজ চলমান রয়েছে। পাশাপাশি আমেরিকার উৎপাদিত ঔষধ রেমডেসিভির এখন দেশেই তৈরি হচ্ছে এবং সরকারের নিকট এই ওষুধ মজুদ করা হচ্ছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
এছাড়া নন-কোভিড হাসপাতালে সাধারণ রোগীদের বাধ্যতামূলক চিকিৎসার জন্য সকল সরকারি ও বেসরকারি হাসপাতালকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।এক্ষেত্রে মানুষ যেন করোনাভাইরাসের লক্ষ্মণ থাকলে তার তথ্য গোপন না করেন, সে ব্যাপারেও স্বাস্থ্যমন্ত্রী সকলের নিকট অনুরোধ জানান।
লকডাউন শিথিল করা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, সরকার প্রথম থেকেই একটি সুদুরপ্রসারি পরিকল্পনা নিয়ে কাজ করেছে। যখন জরুরি ছিল, তখনই লকডাউন করা হয়েছে। যখন শিথিল করা প্রয়োজন, তখন স্বাস্থ্যবিধি বজায় রাখা সাপেক্ষে শিথিল করা হয়েছে। সবদিক বিবেচনা করে সরকার যা কিছু করছে, তা ভেবে-চিন্তেই করছে।মানুষ স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে করোনাভাইরাস মোকাবেলার পাশাপাশি দেশ অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতি থেকে রেহাই পাবে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার সময়োপযোগী সিদ্ধান্তগুলো গ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী।
