ছিন্নমূল মানুষের সাহায্যে অভিনব উদ্যোগ ‘মানবতার দেওয়াল’
করোনাকালীন দুঃসময়ে ছিন্নমূল ও অসহায় মানুষকে সহায়তা দিতে কাজ করছে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে একদিনের বেতন প্রদান, পিপিই বিতরণ, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষকে ত্রাণ বিতরনের পাশাপাশি এবার দরিদ্রদের নতুন করে সাহায্য করার এক অভিনব পন্থা অবলম্বন করেছে সংগঠনটি।
আজ শুক্রবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন উদ্যোগটি সম্পর্কে জানানো হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের সামনে 'মানবতার দেয়াল' স্থাপন করে তাতে গরীব অসহায় মানুষের জন্য একদিনের খাদ্যসামগ্রী ঝুলিয়ে রাখা হচ্ছে। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ ও আলু। গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ কার্যক্রমে প্রতিদিন প্রায় শতাধিক প্যাকেট দেয়ালে ঝুলিয়ে রাখা হয়।
এ বিষয়ে সংগঠনটির সভাপতি- কর কমিশনার রেজাউল করিম চৌধুরী বলেন, 'রাজস্ব আহরণের পেশাগত দায়িত্বের পাশাপাশি 'মানুষ মানুষের জন্য' এই স্লোগানে উদ্বুদ্ধ হয়ে দেশের ক্রান্তিলগ্নে বিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশন গরীব অসহায় মানুষের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতা 'মানবতার দেয়াল' কার্যক্রম। মানুষের পাশে থাকতে পেরে আমরা নিজেদেরকে ধন্য মনে করছি। পাশাপাশি তিনি সমাজের সকল শ্রেনী পেশার মানুষকে অসহায়ের সহায়তায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন, এই কার্যক্রম সংকটময় সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।
এ থেকে উপকৃত হওয়া কয়েকজন জানান, উদ্যোগটি অনেক সুন্দর। যার ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার স্বাস্থবিধি মেনে তারা সুশৃঙ্খলভাবে ত্রাণ নিতে পারছেন।
