আক্রান্তের সংখ্যা এক লাখ ছাড়ানোর দিনে ৩৮ জনের মৃত্যু
প্রথম কোভিড-১৯ শনাক্তের ১০৩তম দিনে আক্রান্তের সংখ্যায় লাখের ঘরে নাম লেখাল বাংলাদেশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৩ হাজার ৮০৩ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।
অন্যদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৩৮ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ১ হাজার ৩৪৩ জনে দাঁড়াল।
বৃহস্পতিবার দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
মৃতদের মধ্যে ৩১ জন পুরুষ ও ৭ জন নারী। ঢাকা বিভাগের ১৪ জন, চট্টগ্রামের ১৮, খুলনার ২ এবং রাজশাহী, রংপুর, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের একজন করে মারা গেছেন। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জনের ও নিজ বাড়িতে ১৪ জনের মৃত্যু হয়েছে।
মৃত ৩৮ জনের বয়স:
- ০ থেকে ১০ বছর বয়সী: ১ জন।
- ২১ থেকে ৩০ বছর বয়সী: ২ জন।
- ৩১ থেকে ৪০ বছর বয়সী: ৫ জন।
- ৪১ থেকে ৫০ বছর বয়সী: ৩ জন।
- ৫১ থেকে ৬০ বছর বয়সী: ৬ জন।
- ৬১ থেকে ৭০ বছর বয়সী: ১৪ জন।
- ৭১ থেকে ৮০ বছর বয়সী: ৫ জন।
- ৮১ থেকে ৯০ বছর বয়সী: ২ জন।
এর আগে, একই ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ দেশবাসীকে আরও সচেতন থাকার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। একইসঙ্গে, করোনাভাইরাস আরও দুই বছর থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্যদিকে, অধ্যাপক ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩৪৯টি নমুনা সংগ্রহ এবং ১৬ হাজার ২৫৯টি পরীক্ষা করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৭৫ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট ৪০ হাজার ১৬৪ জন সেরে উঠলেন প্রাণঘাতি এই ভাইরাস থেকে।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।
এক নজরে বাংলাদেশের করোনাচিত্র:
- মোট আক্রান্ত: ১ লাখ ২ হাজার ২৯২ জন।
- মারা গেছেন: ১ হাজার ৩৪৩ জন।
- মোট সুস্থ: ৪০ হাজার ১৬৪ জন।
- মোট নমুনা পরীক্ষা: ৫ লাখ ৬৭ হাজার ৫০৩টি।
করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।
এদিকে, করোনার পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার বাংলাদেশ সময় বেলা ২টা পর্যন্ত বৈশ্বিক এ মহামারিতে সারা বিশ্বে ৮৪ লাখ ১৬ হাজার ৬৭৪ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৪৪ লাখ ২৮ হাজার ৯৯১ জন সেরে উঠলেও প্রাণ গেছে ৪ লাখ ৫১ হাজার ৬৫৯ জনের।
সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে যেসব দেশে:
- যুক্তরাষ্ট্র: ১ লাখ ১৯ হাজার ৯৪১ জন।
- ব্রাজিল: ৪৬ হাজার ৬৬৫ জন।
- যুক্তরাজ্য: ৪২ হাজার ১৫৩ জন।
- ইতালি: ৩৪ হাজার ৪৪৮ জন।
- ফ্রান্স: ২৯ হাজার ৫৭৫ জন।
- স্পেন: ২৭ হাজার ১৩৬ জন।
- মেক্সিকো: ১৯ হাজার ৮০ জন।
- ভারত: ১২ হাজার ২৭২ জন।
- বেলজিয়াম: ৯ হাজার ৬৭৫ জন।
- ইরান: ৯ হাজার ১৮৫ জন।
