অগোছালো চট্টগ্রামের অশান্তি বাড়ালো কুমিল্লা
সুখী পরিবারই ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল (বিপিএল) চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান ধরে রেখে ঘরের মাঠ চট্টগ্রাম পর্বে ভালে সময়ই কাটাচ্ছিল তারা। কিন্তু মেহেদী হাসান মিরাজকে হঠাৎ করে অধিনায়ক থেকে সরিয়ে বিতর্কের জন্ম দেয় চট্টগ্রাম।
রোববার দিনভর নাটকের পর রাতে মিরাজ-চট্টগ্রামের ভুল বোঝাবুঝির অবসান হয়। তবে মিরাজের দল ছাড়তে চাওয়ার ঘটনা সামাল দিতে বেগই পেতে হয়েছে দলটিকে। যেটার প্রভাব পড়লো মাঠের লড়াইয়েও। দারুণ ছন্দে থাকা দলটাকেই সোমবার খাপছাড়া দেখালো, কুমিল্লার বিপক্ষে মেনে নিতে হলো বড় হার।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামকে ৫২ রানে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা তিন জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে বিপিএলের দুইবারের চ্যাম্পিয়নরা। ছয় ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।
টস হেরে আগে ব্যাটিং করতে নামে কুমিল্লা। প্রথম ম্যাচ খেলতে নামা লিটন কুমার দাস, ম্যাচসেরা ফাফ ডু প্লেসি ও ক্যামেরন ডেলপোর্টের দারুণ ব্যাটিংয়ে ৩ উইকেটে ১৮৩ রানের বড় সংগ্রহ গড়ে ইমরুল কায়েসের দল। জবাবে ৯ রানের মধ্যেই দুই উইকেট হারানো চট্টগ্রাম বেশি পথ পাড়ি দিতে পারেনি। উইল জ্যাকসের ৬৯ রানের ঝলমলে ইনিংসের পরও ১৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় তারা।
বড় লক্ষ্যে ব্যাটিং করতে নেমে চট্টগ্রামের হয়ে কেবল উইল জ্যাকস রান করেছেন। বাকিরা আসা যাওয়ার মিছিলে যোগ দিয়েছিলেন। ৯ রানের মধ্যেই ফিরে যান কেনার লুইস ও আফিফ হোসেন ধ্রুব। শুরুতেই উইকেট হারানোর চাপ আর কাটিয়ে উঠতে পারেনি স্বাগিতকরা। নিয়মিত ধারায় উইকেট হারায় নাঈম ইসলামের দল।
ব্যতিক্রম কেবল উইল জ্যাকস, অন্য প্রান্তে ভাঙনের সুর বাজতে থাকলেও তাতে কান দেননি ইংলিশ এই ব্যাটসম্যান। ১৬ ওভার পর্যন্ত ব্যাটিং করেন তিনি। ৪২ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় ৬৯ রান করে অষ্টম ব্যাটসম্যান হিসেবে আউট হন জ্যাকস। মৃত্যুঞ্জয় চৌধুরী ১৩ মিরাজ ১০ রান করেন। এ ছাড়া চট্টগ্রামের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। কুমিল্লার নাহিদুল ইসলাম ৪ ওভারে ১৭ রান খরচায় ৩টি উইকেট নেন। ২টি করে উইকেট পান মুস্তাফিজুর রহমান, তানভীর ইসলাম ও শহিদুল ইসলাম।
পাঁচ দিনের বিরতি পাওয়া কুমিল্লা দারুণ প্রস্তুতি নিয়ে এর আগে দাপুটে ব্যাটিং করে। শুরুতেই মাহমুদুল হাসান জয় ফিরে গেলেও চাপ বুঝতে হয়নি তাদের। দ্বিতীয় উইকেটে ৮০ রানের জুটি গড়েন এবারের বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন কুমার দাস ও ফাফ ডু প্লেসি। লিটনের বিদায়ে ভাঙে এই জুটি। এর আগে ৩৪ বলে ৫টি চার ও একটি ছক্কায় ৪৭ রান করেন লিটন।
এরপর চট্টগ্রামের বোলারদের শাসন করে খেলে যান দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটসম্যান ডু প্লেসি ও ডেলপোর্ট। চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়েন তারা। ৫৫ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন ডু প্লেসি। ব্যাট হাতে ঝড় তোলা ডেলপোর্ট ২৩ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় জার না মানা ৫১ রান করেন। চট্টগ্রামের নাসুম আহমেদ ২টি উইকেট নেন। একটি উইকেট পান বেনি হাওয়েল।
