বৃষ্টির পেটে ভারত-কানাডা ম্যাচ
ম্যাচটির বিশেষ কোনো গুরুত্ব ছিল না। প্রথমমত কাজটা কঠিন ছিল কানাডার জন্য, আর জিতলেও তাতে কোনো পার্থক্য তৈরি হতো না। কারণ প্রথম তিন ম্যাচ দিয়েই সুপার এইট নিশ্চিত করে শিরোপা প্রত্যাশী দল ভানত। এই ম্যাচটি জিতে পুরো আট পয়েন্ট নিয়ে পরের রাউন্ডে পা রাখার পরিকল্পনা চিল রোহিত শর্মার দলের। কিন্তু বৃষ্টির দাপটে তা আর হলো না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে শনিবার লডারহিলে 'এ' গ্রুপে ভারত-কানাডার মধ্যকার ম্যাচটি পরিত্যক্ত হয়েছে, একটি বলও গড়ায়নি মাঠে। গতকাল এই মাঠে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচও মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত ঘোষণা করা হয়। কালকের মতো অবশ্য বেশি সময় দেরি হয়নি। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। বৃষ্টির কারণে অপেক্ষা করে সাড়ে ৯টায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
ম্যাচটি বৃষ্টির পেটে গেলে 'এ' গ্রুপের সেরা দল হয়েই সুপার এইট খেলতে যাচ্ছে ভারত। আয়ারল্যান্ডকে ৮ উইকেটে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করে ভারত। পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে রোমাঞ্চকর ৬ রানে জেতে তারা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে বেগ পেতে হলেও শেষ পর্যন্ত ৭ উইকেটে বড় ব্যবধানে জেতে ভারত। তিন জয় ও পরিত্যক্ত ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টে ভারতের মোট পয়েন্ট ৭।
এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার এইটে গেছে বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র। সুপার এইটে যেতে আয়ারল্যান্ডের বিপক্ষে জিততেই হতো তাদের। না হলে পাকিস্তানের সুযোগ থাকতো তাদের টপকে পরের রাউন্ডে যাওয়ার। কিন্তু ম্যাচ পরিত্যক্ত হলে মিলে যায় এক পয়েন্ট, পাঁচ পয়েন্ট নিয়ে সুপার এইটের টিকেট পায় তারা। তাতে পাকিস্তানের বিদায় হয়ে যায়। প্রথম ম্যাচে কানাডা ও দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারায় প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়া যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারে শুরু পাকিস্তানের। পরের ম্যাচে বাবার-রিজওয়ানরা হারে ভারতের বিপক্ষে। তৃতীয় ম্যাচে কানাডার বিপক্ষে জিতে যুক্তরাষ্ট্রের হারের কামনায় থাকে তারা। কিন্তু সে আশায় গুড়েবালি। ২ পয়েন্ট পাওয়া পাকিস্তানের জন্য আয়ারল্যান্ড ম্যাচটি নিতান্তই নিয়মরক্ষার। চার ম্যাচে এক জয়সহ চার পয়েন্ট নিয়ে বিশ্বকাপ মিশন শেষ করলো কানাডা। তিন ম্যাচ খেলে এখনও জয়হীন আয়ারল্যান্ড।
